বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
যুক্তরাষ্ট্র ‘ভেনেজুয়েলার তেল চুরি করছে না': মার্কিন জ্বালানিমন্ত্রী সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য : মীর হেলাল গ্রিন ক্যাম্পাস গড়তে ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতা হামিমের বিশ্বের পর্যটন ব্যবসায়ীদের নিয়ে ঢাকায় ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট’ শুরু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকরি বিধিমালা ও দাপ্তরিক ব্যবস্থাপনায় জ্ঞান থাকা জরুরি কর্মকর্তাদের : বিএসএফআইসি চেয়ারম্যান সাংবাদিক পরিচয়ের অপব্যবহারে বিআরটিএতে হয়রানির অভিযোগ এসএসসি ও দাখিল ভোকেশনালের রেজিস্ট্রেশন শুরু হাইটেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানের বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক পৌরসভার সমস্যা সমাধানে ‘মাই ফেনী’ অ্যাপের উদ্বোধন
দেশের খবর সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য : মীর হেলাল

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং সম্প্রীতি বজায় রেখে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, সব সম্প্রদায়ের জীবনমানের বৈপ্লবিক পরিবর্তন ও উন্নয়ন সাধনই প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’ গঠনের মূল কনসেপ্ট।

আজ দুপুরে জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় নারীদের মধ্যে সেলাই মেশিন এবং কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, সরকার সব জনগোষ্ঠীর মানুষের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি চায়। পার্বত্য চট্টগ্রামের সুবিধা-বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে এবং পার্বত্য অঞ্চলে সমন্বিত ও সার্বিক উন্নয়ন কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, আমাদের সকল শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য ও আচার-রীতি সংরক্ষণ করে বিশ্বের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে সুবিধাবঞ্চিত সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের জীবনমানের উন্নতিসাধনই এই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে এর অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মধ্যে ১৫টি পাওয়ার টিলার, নারীদের স্বাবলম্বী করার উদ্দেশে সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া সরঞ্জাম হস্তান্তর করা হয়।

এর আগে প্রতিমন্ত্রী বান্দরবান এমডিসিএস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন, হাসপাতালের ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্রাবাস ভবনের উদ্বোধন করেন ও বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন বড়ুয়া, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

খুঁজুন