সোমবার, ১৩ জুলাই ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা শিরোপার দৌড়ে শীর্ষে ফ্রান্স, তলানিতে আর্জেন্টিনা!

শিরোপার দৌড়ে শীর্ষে ফ্রান্স, তলানিতে আর্জেন্টিনা!

যবনিকা পড়তে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। মাঠের লড়াই এখন রূপ নিয়েছে চরম উত্তেজনায়। ফুটবলবিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন বিশ্বচ্যাম্পিয়নকে স্বাগত জানাতে। ইতোমধ্যেই টুর্নামেন্টের সেরা চার দল—আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালে ওঠার প্রথম মহারণে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পাওয়ারহাউজ ফ্রান্স ও স্পেন। অন্যদিকে, মুকুট ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে হ্যারি কেইনের ইংল্যান্ড।

কাগজে-কলমে সেমিফাইনালে ওঠা চার দলেরই ট্রফি উঁচিয়ে ধরার সমান যোগ্যতা রয়েছে। তবে মাঠের সাম্প্রতিক পারফরম্যান্স, স্কোয়াডের গভীরতা ও অতীত পরিসংখ্যানের ওপর ভিত্তি করে ফুটবল বিশ্লেষক সংস্থা ‘অপ্টা’ (Opta) তাদের সুপার কম্পিউটারের মাধ্যমে দলগুলোর ফাইনালে ওঠা এবং শিরোপা জয়ের একটি গাণিতিক সমীকরণ প্রকাশ করেছে।

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড: যেখানে পিছিয়ে মেসিরা

অপ্টা সুপার কম্পিউটারের প্রেডিকশন অনুযায়ী, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটি হতে যাচ্ছে সমানে-সমানে টক্কর। তবে বিস্ময়করভাবে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পেছনে ফেলে ফাইনালে ওঠার দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে থ্রি লায়ন্সরা।

হিসাব অনুযায়ী, ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা যেখানে ৫০.৯৬%, সেখানে লিওনেল মেসির আলবিসেলেস্তেদের সম্ভাবনা ৪৯.০৪%। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় হ্যারি কেইনদের সরাসরি জয়ের সম্ভাবনা ৩৮.৯%, আর আর্জেন্টিনার জয় পাওয়ার সুযোগ ৩৪.১০%। তবে নির্ধারিত সময়ে ম্যাচটি অমীমাংসিত বা ড্র থাকার সম্ভাবনা রয়েছে ২৭%। অর্থাৎ, এই ব্লকবাস্টার ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউট পর্যন্ত গড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে।

ফ্রান্স বনাম স্পেন: স্পষ্ট ব্যবধানে এগিয়ে ফরাসিরা

অন্য সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে স্পেনের চেয়ে বেশ বড় ব্যবধানেই এগিয়ে রেখেছে সুপার কম্পিউটার। ফরাসিদের ফাইনালে খেলার সম্ভাবনা যেখানে ৫৭.৭০%, সেখানে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সম্ভাবনা মাত্র ৪২.৩০%।

কার ঘরে যাচ্ছে সোনালি ট্রফি

সবচেয়ে চমকপ্রদ তথ্য মিলেছে শিরোপা জয়ের চূড়ান্ত শতাংশের হিসাবে। টুর্নামেন্টের শুরুতে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থাকলেও, অপ্টার গাণিতিক মডেলে ট্রফি ধরে রাখার দৌড়ে সবার শেষে রাখা হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টানাকে।

অপ্টা সুপার কম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এবার ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স, যাদের শিরোপা জেতার সম্ভাবনা ৩৪.০৫%। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, তাদের সম্ভাবনা ২৩.৪৫%। ২১.৯৪% সম্ভাবনা নিয়ে ইংল্যান্ড রয়েছে তৃতীয় অবস্থানে। আর সবাইকে অবাক করে দিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০.৫৫% সম্ভাবনা নিয়ে তালিকার তলানিতে অর্থাৎ চতুর্থ স্থানে রয়েছে।

অবশ্য ফুটবল মাঠের ৯০ মিনিটের রোমাঞ্চ কোনো গাণিতিক ছক মেনে চলে না। পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে কতবারই না ফুটবলবিশ্বে রূপকথা লেখা হয়েছে। এখন দেখার বিষয়, অপ্টার এই সুপার কম্পিউটারকে ভুল প্রমাণ করে মেসিরা টানা দ্বিতীয়বার ফাইনালের টিকিট কাটে, নাকি পরিসংখ্যানই শেষ পর্যন্ত সত্যি হয়।

খুঁজুন