সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় থাকা শিক্ষক ‘ক’ থেকে ‘চন্দ্রবিন্দু’ লিখতে পারে না

শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় থাকা শিক্ষক ‘ক’ থেকে ‘চন্দ্রবিন্দু’ লিখতে পারে না

শিক্ষা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার সার্বিক মান নিয়ে তীব্র হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব। সম্প্রতি আখাউড়ায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এইচএসসি পরীক্ষায় ব্যর্থ হওয়া শিক্ষার্থীদের ৯০ শতাংশই ইংরেজিতে খারাপ ফলাফল করেছে বলে জানান তিনি। নতুন নিয়োগ পাওয়া অনার্স-মাস্টার্স পাস শিক্ষকরা ক থেকে চন্দ্রবিন্দু লিখতে পারেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন ওই কর্মকর্তা।

আখাউড়া উপজেলায় প্রাথমিক স্তরে সহজে ইংরেজি শেখানোর লক্ষ্যে ব্লুমিং ক্লাসরুম নামক একটি বিশেষ পদ্ধতি চালু করা হয়েছে। স্থানীয় মডেল মসজিদে আয়োজিত এক কর্মশালায় বিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে এই কার্যক্রমের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া এবং বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা এই পদ্ধতির উদ্ভাবক হিসেবে এর বিভিন্ন দিক তুলে ধরেন।

নতুন এই পদ্ধতির মূল স্লোগান হলো যেভাবে শিখেছি বাংলা, সেইভাবে শিখবো ইংরেজি। প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষা বাদ দিয়ে শিশুরা যেভাবে স্বাভাবিকভাবে মাতৃভাষা শেখে, সেই একই ধারায় ইংরেজি শেখানো হবে। আনন্দময় পরিবেশ, খেলাধুলা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি শেখার ভীতি দূর করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মাত্র তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের ইংরেজি রিডিং পড়ার উপযুক্ত করে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলার মোট ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আনন্দদায়ক পাঠদান পদ্ধতিটি বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছেন, এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার ভিত আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বৃদ্ধি পাবে। তবে শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন ওঠার পর এই ধরনের উদ্যোগের সফল বাস্তবায়ন নিয়ে সচেতন মহলে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

খুঁজুন