১ জুলাই, সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্রসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে ৪ জুলাইয়ের মধ্যে দাবির বিষয়ে চূড়ান্ত সুরাহার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাবেশ হয়েছে। পরিপত্র পুনর্বহালসহ আরও কয়েকটি দাবি আদায়ে তিন দিন টানা কর্মসূচি চালাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারের সামনে অবস্থান নেন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী। সেখান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলাভবন, শ্যাডো ও মল চত্বর হয়ে মাস্টারদা সূর্য সেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বসুনিয়া তোরণ হয়ে আবার টিএসসির রাজু ভাস্কর্যে ফিরে আসেন। পরে সেখানে সমাবেশ হয়। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’–এর ব্যানারে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন।
২ জুলাই, মঙ্গলবার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত হয় মিছিল। কোটা সংস্কারের লক্ষ্যে ২০২৪ সালের ১ জুলাই থেকে চার দফা দাবিতে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি দেয়। ২ থেকে ৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয় মিছিলে। মিছিলটি নীলক্ষেত, সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে থামে। একই দিন বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়ক ২০ মিনিটের জন্য অবরোধ করেন।
৩ জুলাই, বুধবার
সরকারি চাকরিতে কোটা প্রথা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদ এবং ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমবেত হন আন্দোলনকারীরা। পরে তারা দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়েন। আগামীকাল বৃহস্পতিবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছেড়ে যান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকার শাহবাগ মোড়, ময়মনসিংহের কয়েকটি সড়ক ও রেললাইন, ঢাকা-আরিচা মহাসড়ক, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্দোলন ছড়িয়ে পড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে।
৪ জুলাই, বৃহস্পতিবার
আপিল বিভাগে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে শুনানির তারিখ নির্ধারিত ছিল এদিন। তবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ ‘নট টুডে’ বলে আদেশ দেন। পরের সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে বলে ওই দিন অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জানানো হয়। এদিন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে। আর ঢাকায় শাহবাগ মোড় অবরোধ করে রাখে পাঁচ ঘণ্টা। এদিন ছাত্রসমাবেশ থেকে ছাত্রধর্মঘটের ডাক দেওয়া হয়।
এর আগে বেলা সাড়ে ১১টায় হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর-টিএসসি হয়ে বেলা সোয়া ১২টায় শাহবাগ মোড়ে যায়।
৫ জুলাই, শুক্রবার
চট্টগ্রাম, খুলনা ও গোপালগঞ্জে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পরদিন সারা দেশে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
চলমান কোটা আন্দোলনে গতকাল ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা আসার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের একাধিক ব্যাচ একের পর এক ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা আসছে।
'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ' নামক ফেসবুক গ্রুপে একের পর এক ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
২০১৮ সালের চরম আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার অক্টোবর মাসে পরিপত্র ঘোষণা করে সরকারি চাকরিতে কোটাব্যবস্থাকে বাতিল করে দেয়। ওই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর পরিপ্রেক্ষিতে গত ৫ জুন পরিপত্রটি বাতিল করে দেন হাইকোর্টের একটি বেঞ্চ। এরপর আবারো ক্যাম্পাসগুলোতে আন্দোলন ছড়িয়ে পড়ে।
৬ জুলাই, শনিবার
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধাতি বাতিলের দাবিতে গত রোববার থেকে সারা দেশের কলেজ-বিশ্ববিদ্যালগুলোতে সব ধরনর ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। কোটা আন্দোলনকারীদের এ ঘোষণার দুদিন আগ থেকেই যেনো ক্লাস-পরীক্ষা বর্জনের হিড়িক পড়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটের বিভিন্ন ব্যাচ থেকে একে একে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা আসতে শুরু করে। এ বর্জন কর্মসূচিতে প্রথম নাম আসে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচ ‘পনেরোপলিস’। পরে সমাজবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচ ‘এনলাইটেন্ড’সহ প্রায় সকল বিভাগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৪টি বিভাগ ও ১৩টি ইনস্টিটিউটের প্রতিটি বিভাগে ৫টি করে ব্যাচ চলমান রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া তথ্যমতে বিভাগ ও ইন্সটিটিউট মিলে ক্লাস ক্লাস-পরীক্ষা বর্জনে সংহতি জানানোর সংখ্যা ৬৩টি। অধিকাংশ বিভাগের সব ব্যাচ সংহতি প্রকাশ করেছে। আবার অনেকে বর্জনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ফলে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
৭ জুলাই, রবিবার
শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে রাজধানী। বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে ঢাকার বড় অংশ। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন, দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের জন্য তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখবেন। এ আন্দোলনের সমন্বয়করা এ কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, রোববার শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি। সোমবার ফার্মগেট পার হয়ে যাবে। বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের জমায়েত হবেন।
আন্দোলন থেকে শিক্ষার্থীরা ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের পাশাপাশি আরও তিনটি দাবি জানান। এগুলো হলো: ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুতসময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে, সে ক্ষেত্রে সংবিধান অনুযায়ী শুধু অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে; সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটাসুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না ও কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোয় মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে৷
৮ জুলাই, সোমবার
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফরম ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করে। সমন্বয়ক কমিটির সদস্য নাহিদ ইসলাম সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাসের দাবি জানান। এদিন ঢাকার ১১টি স্থানে, ৯টি বিশ্ববিদ্যালয়ে, তিনটি স্থানে রেলপথ অবরোধ এবং ছয়টি মহাসড়কে বাংলা ব্লকেড কর্মসূচি পালিত হয়।
আন্দোলনের সর্বশেষ কর্মসূচি ‘বাংলা ব্লকেড’-এর অংশ হিসেবে, সোমবার (৮ জুলাই) রাজধানী ঢাকার প্রধান মোড়গুলোতে অবরোধ পালন করেছে শিক্ষার্থীরা। রবিবার (৭ জুলাই) আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছিলো যে দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘বাংলা ব্লকেড' চলবে।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ও শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থীরা চাঁনখারপুল মোড় ও মেয়র হানিফ ফ্লাইওভার সংলগ্ন র্যাম্প অবরোধ করে। এতে যান চলাচল ব্যাহত হয়, তীব্র যানজটের সৃষ্টি হয়।
একই সঙ্গে পল্টন মোড় ও শিখা চত্বর অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা।
অবরোধ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, পরীবাগ, বাংলামোটর ও কারওয়ান বাজারসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
৯ জুলাই, মঙ্গলবার
সারাদেশে সড়ক ও রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল-সন্ধ্যা ব্লকেড অবরোধ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা বহাল রেখে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলে আইনজীবীর মাধ্যমে পক্ষভুক্ত হন দুই শিক্ষার্থী। হাইকোর্টের পরিপত্র বাতিলের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থী আপিল বিভাগে আবেদন করেন। পরদিন শুনানির তারিখ নির্ধারণ করা হয়।
যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দাবি করেন, ওই দুই শিক্ষার্থীর আবেদন করার সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ নামে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১০ জুলাই, বুধবার
কোটা বাতিলের পরিপত্র বাতিল চেয়ে সরকারের আবেদনসহ সব বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ। শুনানির তারিখ নির্ধারণ করা হয় ৭ আগস্ট। শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘আমরা এই সমাজের মানুষ, কিছু কথা বলতেই হয়। সেটি হচ্ছে যে একটা রায় হাইকোর্টে হয়ে গেছে। ছাত্র-ছাত্রীরা আন্দোলন করছে। সেখানে তারা যেটা করেছে, এটা অ্যাপ্রিশিয়েট (প্রশংসা) করার মতো না।
মনে হয় তারা ভুল বুঝেই করেছে। যা-ই হোক, যেটিই করেছে, তারা আমাদেরই ছেলেমেয়ে।’ এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে শাহবাগ অবরোধ করেন। টানা অবরোধ কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে সারা দেশ। রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
১১ জুলাই বৃহস্পতিবার ২০২৪
এদিন হাইকোর্ট জানান, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, কোটা পদ্ধতি সংস্কারে সংসদে আইন প্রণয়ন না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
পুলিশ বিক্ষোভকারীদের সতর্কবার্তা দেয়, মন্ত্রীরা আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানালেও তা উপেক্ষা করে আন্দোলনকারীরা 'বাংলা ব্লকেড' কর্মসূচি পালন করে। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
১২ জুলাই শুক্রবার ২০২৪
কোটাবিরোধী আন্দোলন ‘বাংলা ব্লকেড' ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়েছে৷ এর মধ্যেই ১০ জুলাই বাংলাদেশের উচ্চ আদালত কোটার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন৷ আপিল বিভাগের এই আদেশের ফলে আপাতত কোটা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল৷
আদালতের এমন আদেশের মাধ্যমে বিষয়টি সমাধানের দিকে যাবে এমনটা ভাবা হলেও আন্দোলনকারীরা বলছেন, সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে৷ আর আদালত নয় সরকারকেই এই সমাধান দিতে হবে৷
ঢাকার বাইরে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভকারীরা। এদিন সাবেক আইনমন্ত্রী আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলন চলতে থাকলে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে।
১৩ জুলাই, শনিবার
সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তারা অভিযোগ করে—মামলা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বাধার চেষ্টা করা হচ্ছে। পরের দিন গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর এই স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
জুলাই রাজশাহীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, 'মামলা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
১৪ জুলাই, রবিবার
জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এদিন গণভবনে চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কোটা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে?’
আন্দোলনকারীরা এই মন্তব্যকে তাদের জন্য অবমাননাকর মনে করে রাতে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। সেসব মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেয় : ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার/কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’ কিংবা ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’। ২০১৮ সালের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সে সময় তিনি বিরক্ত হয়ে কোটা বাতিল করে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল কোটা বাতিল হলে কী হয় সেটি দেখা। এই সময়ে বিসিএসে নারীরা বাদ পড়েছেন, ২৩টি জেলার কেউ পুলিশে চাকরি পাননি।
১৫ জুলাই, সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারীদের ‘রাজাকার’ স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে বলে মন্তব্য করেন। এর পর দুপুরে কোটা সংস্কার আন্দোলনে যাঁরা ‘আমি রাজাকার’ স্লোগান দিচ্ছেন, তাঁদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে মন্তব্য করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আন্দোলনকারীদের মারধর করা হয়। গুলি করতেও দেখা যায়। দেশের বিভিন্ন স্থানে হামলা হয়। আহত ২৯৭ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ১৬ জুলাই বিকেল ৩টায় সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।
১৬ জুলাই: আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের। সড়ক অবরোধ, সারাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে এবং ছয়জনের প্রাণহানি হয়।
তাদের মধ্যে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ প্রাণ হারান ‘পুলিশের গুলিতে’। দুই হাত প্রসারিত করে রাখা আবু সাঈদকে গুলি করার ঘটনা ভিডিওটি মানুষের মনে ক্ষোভ সঞ্চার করে।
পরে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা আসে। ওই রাতেই ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দিয়ে কক্ষ ভাঙচুর করা হয়।
১৭ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা করতে গিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
সেদিন বিক্ষোভের কেন্দ্র ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী; উচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
রাতে যাত্রাবাড়ী এলাকায় সংঘাতের সূত্রপাত হয়, পুলিশ এলোপাতাড়ি গুলি ছোঁড়ে; নিহত হন এক সাংবাদিকসহ কয়েকজন। যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজা জ্বালিয়ে দেওয়া হয়। ওই রাতেই বন্ধ করে দেওয়া হয় ফেইসবুক।
১৮ জুলাই: আন্দোলনে সহিংসতা অব্যাহত। মেরুল বাড্ডায় পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে, পরে হেলিকপ্টারে উদ্ধার করা হয়। বিটিভি ভবনে অগ্নিসংযোগ করা হয়। সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ চলে।
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে শিক্ষার্থীসহ কয়েকজন হতাহত হন। ৫৬ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ কোটার প্রস্তাব আওয়ামী লীগের।
আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে জানান আইনমন্ত্রী। আলোচনার প্রস্তাব নাকচ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাত ৯টা থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
১৯ জুলাই: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, পরিস্থিতি থমথমে। মেট্রোরেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, মিরপুর ইনডোর স্টেডিয়ামসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সর্বক্ষেত্রে স্থবিরতা। রাত ১২টা থেকে কারফিউ জারি। সারা দেশে সংঘর্ষে অন্তত ৫৬ জন নিহত হন।
প্রধানমন্ত্রীর ‘প্রকাশ্যে ক্ষমা চাওয়া’, দুই মন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবি দিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীদের তিন নেতা। সেখানে ৮ দফা দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং সহসমন্বয়ক হাসিব আল ইসলাম।
বৈঠকে সরকারের তরফে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন।
২০ জুলাই, শনিবার
দেশজুড়ে কারফিউ, সেনা মোতায়েনের মধ্যেও যাত্রাবাড়ী, উত্তরা, বাড্ডা ও মিরপুর এলাকায় চলে সংঘর্ষ, ধাওয়া ও গুলি। এ ছাড়া মোহাম্মদপুরেও সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর, সাভার ও নরসিংদীতে বিক্ষোভ ও সংঘর্ষে ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এর মধ্যে ঢাকার রামপুরা-বাড্ডা, যাত্রাবাড়ী-শনির আখড়া, উত্তরা ও মিরপুরে নিহত ১৬ জন, নারায়ণগঞ্জে পাঁচজন, ময়মনসিংহ ও সাভারে চারজন করে, গাজীপুর এবং নরসিংদীতে দুজন করে নিহত হন। সব মিলিয়ে চার দিনে নিহতের সংখ্যা দাঁড়ায় ১৪৮। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। আন্দোলনের তিন সমন্বয়ক তিন মন্ত্রীর সঙ্গে দেখা করে আট দফা দাবি পেশ করেন।
২১ জুলাই: আপিল বিভাগের শুনানির পর কোটা পুনর্বহাল নিয়ে হাই কোর্টের রায় বাতিল করা হয়। মেধা ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ১ শতাংশ, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা ১ শতাংশ করার আদেশ দেয় সর্বোচ্চ আদালত। তবে সরকার চাইলে বদলানোর সুযোগ রাখা হয়।
রায়ের পরও পরিস্থিতি শান্ত না হওয়ায় কারফিউ অব্যাহত থাকে, সাধারণ ছুটির আওতায় স্বায়ত্তশাসিত, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-সহ আর্থিক প্রতিষ্ঠান, পোশাক কারখানাসহ সব কলকারখানা বন্ধ রাখা হয়।
২২ জুলাই ২০২৪, সোমবার
এদিন নতুন করে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। তবে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু ঘটে। এ ছাড়া এর আগে মৃত আরো আটজনের খবর পাওয়া যায়, যার মধ্যে ২০ জুলাই নারায়ণগঞ্জে নিহত তিনজন, ১৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে চারজনের মৃতদেহ নেওয়া এবং ২২ জুলাই একজন পুলিশের মৃত্যুর খবর রয়েছে। সারা দেশে সংঘাতের ঘটনায় ১৭ থেকে ২২ জুলাই পর্যন্ত সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায়। সারা দেশে চিরুনি অভিযানে ২১ জুলাই রবিবার রাত ১২টা থেকে ২২ জুলাই সোমবার সকাল ৬টা পর্যন্ত একা হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় রাজধানীতে গ্রেপ্তার করা হয় ৫১৬ জনকে। ২০ জুলাই শনিবার রাত ১২টা থেকে ২১ জুলাই সকাল ৬টা পর্যন্ত ২৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। নিখোঁজ চার সমন্বয়কের খোঁজ পেতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময়ের মধ্যে তাঁদের সন্ধান না পেলে অফিস ও বাসাবাড়ির সামনে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। এই চার সমনবয়ক হলেন : আসিফ মাহমুদ, আবদুল কাদের, আবু বাকের মজুমদার ও সহসমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত।
২৩ জুলাই ২০২৪, মঙ্গলবার
সরকার ঘোষিত সাধারণ ছুটি ও কারফিউ চলা অবস্থায় কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক সংবাদ সম্মেলন করে চার দফা ‘জরুরি দাবি’ পূরণে সরকারকে আরো দুই দিনের আলটিমেটাম দিয়ে জানান, এই চার দফা পূরণ না হলে আট দফা নিয়ে আলোচনার সুযোগ নেই। চার দফা দাবি হলো : ইন্টারনেট সচল করা; কারফিউ প্রত্যাহার করা; বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করা এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে ১৮ জুলাই থেকে ‘নিখোঁজ’ তিনজন সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রশিদুল ইসলাম রিফাতের সন্ধান চাওয়া হয়। এই সমন্বয়কদের মুক্তি চেয়ে বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ২২ শিক্ষক।
২৪ জুলাই ২০২৪, বুধবার
এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল এবং সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়। ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত আকারে নির্দিষ্ট কিছু এলাকায় খুলে দেওয়া হয়।
ঢাকাসহ বিভিন্ন জেলায় চিকিৎসাধীন আরো চারজনের মৃত্যু হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাত নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ২০১। মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল, মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া। কোটা আন্দোলনের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রশিদুল ইসলাম রিফাতের খোঁজ পাওয়া যায়। নিখোঁজ থাকার পাঁচ দিন পর আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়েছে বলে ফেসবুকে পোস্ট দিয়ে দুজনই জানিয়েছেন। আর রিফাত আত্মগোপনে আছেন।
২৫ জুলাই, বৃহস্পতিবার
কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে রাজধানীর শাহবাগ থানায় আরও ১১টি মামলা হয়েছে। এর মধ্যে ৯টি মামলার বাদী পুলিশ। ২টি মামলার বাদী ছাত্রলীগের দুই নেতা। এসব মামলা ১২ থেকে ২১ জুলাইয়ের মধ্যে হয়েছে।
এদিকে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগের ঘটনার ছবি-ভিডিও ফুটেজ দিয়ে সহযোগিতা করার জন্য গতকাল গণমাধ্যমকর্মীদের খুদে বার্তা পাঠিয়ে অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর।
গতকাল সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সহিংসতায় জড়িতদের সরকার সর্বশক্তি দিয়ে চিহ্নিত করবে। তাদের আইনের মুখোমুখি করা হবে।
চিকিৎসাধীন আরো তিনজনের মৃত্যু। সব মিলিয়ে এখন পর্যন্ত মৃত্যু বেড়ে হয় ২০৪ জন। ছুটির দুই দিন, শুক্র ও শনিবার কারফিউ শিথিল থাকবে ৯ ঘণ্টা। অ্যামনেস্টি প্রতিবেদন দিয়ে বলেছে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর মেট্রো স্টেশন পরিদর্শন। বললেন, ‘আমি জনগণের কাছে বিচার চাইছি।’
২৬ জুলাই: আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ধ্বংসযজ্ঞ দেখতে বাংলাদেশ টেলিভিশনে যান শেখ হাসিনা। মেট্রোরেল স্টেশন, বিটিভি ভবনে ধ্বংসযজ্ঞ দেখে তার কান্না মানুষ ভালোভাবে নেয়নি।
পুলিশের গুলিতে শত শত মানুষের হতাহত হওয়া নিয়ে দুঃখ প্রকাশ না করে শেখ হাসিনা ওখানে গিয়ে কেঁদেছেন, তার এই ভূমিকাকে ‘নাটক’ আখ্যা দেন অনেকে। কান্নারত শেখ হাসিনার ছবি দিয়ে বানানো মিম ছড়িয়ে পড়ে, যার ক্যাপশন ছিল ‘নাটক কম কর পিও’।
ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, তাদের আটক করা হয়নি। নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
২৭ জুলাই, শনিবার
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরো দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁরা হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এই দুজনকেও ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে বলে ডিবি জানায়। ১১ দিনে গ্রেপ্তার ৯ হাজার ১২১ জন। এর মধ্যে রাজধানীতে গ্রেপ্তার দুই হাজার ৫৩৬ জন। অন্যদিকে হাসপাতালে আরেক মৃত্যু। সব মিলিয়ে সংঘর্ষে নিহত বেড়ে হয় ২১০ জন।
ঢাকায় কারফিউ শিথিল ১১ ঘণ্টা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে গিয়েছেন। সরকারপ্রধান হাসপাতালে গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘাতে আহত ব্যক্তিদের অনেকে এই হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে আহতদের দেখার পর সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও টোল প্লাজা দেখলেন প্রধানমন্ত্রী।
২৮ জুলাই: কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদসহ নিহতদের একটি অংশের পরিবারের সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। পরে জানা যায়, চাপের মুখে তাদের গণভবনে নিয়ে আসা হয়। আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগের পুলিশ হাসপাতালেও যান সরকারপ্রধান।
আন্দোলন ঘিরে সহিংসতায় ১৪৭ মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। যদিও তখনকার সংবাদমাধ্যমের হিসাবে সংখ্যাটি দুই শতাধিক। ১০ দিন পর মোবাইল ইন্টারনেট ফেরে।
২৯ জুলাই, সোমবার
জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ১৪ দলের বৈঠকে। ৬ সমন্বয়ক ডিবি হেফাজতে। ‘জাতিকে নিয়ে মসকরা কইরেন না’, এক শুনানিতে এই মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কথিত আটক’ ছয়জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশে হাইকোর্ট এই মন্তব্য করেন। শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী বলেন, ‘গতকাল টিভিতে দেখেছি, এই ছয়জন (সমন্বয়ক) কাঁটাচামচ দিয়ে খাচ্ছে।’ এক পর্যায়ে আদালত বলেন, ‘এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মসকরা কইরেন না। যাকে নেন ধরে, একটি খাবার টেবিলে বসিয়ে দেন।
৩০ জুলাই, মঙ্গলবার
হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল। জাতিসংঘ মহাসচিবের বিবৃতি, স্বচ্ছ তদন্তের আহ্বান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রফাইল লাল রঙের ফ্রেমে রাঙিয়েছে অনেকে। এসব ব্যক্তির মধ্যে শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, লেখক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ আছে। অন্যদিকে সরকার সমর্থকদের অনেকে ফেসবুক প্রফাইলে কালো রঙের ফ্রেম জুড়েছে। ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে।
৩১ জুলাই: আন্দোলনে হত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর জাস্টিসি’ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘাত হয়। সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পদযাত্রা ঘিরে ধস্তাধস্তি হয়।
এই দিনের কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’। বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রিফাত রশিদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি ঘোষণা করছে।
সুষ্ঠু তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যানুসন্ধান দল পাঠানোর আগ্রহ দেখায় জাতিসংঘও।
১ অগাস্ট ৩২ জুলাই’ডিবি কার্যালয় থেকে মুক্তি পান বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ সমন্বয়ক। নিহতদের স্মরণে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ শিরোনামে কর্মসূচি পালন করা হয়। এর মধ্যেও কুমিল্লা, নারায়াণগঞ্জ ও বরিশালে সংঘাত আর রক্তপাত হয়।
কোটা আন্দোলনের মধ্যে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ এনে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার।
২ আগস্ট, ৩৩ জুলাই শুক্রবার
২ আগস্ট গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছাড়া পাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন যে আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও বিবৃতি তাঁরা স্বেচ্ছায় দেননি। বিবৃতিদাতা মো. নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম ও আবু বাকের মজুমদারের ভাষ্য অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই তাঁদের আটকে রাখা হয়েছিল। এদিন দুপুর ১২টার পর থেকে মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবার বন্ধ করা হয়। পরবর্তী সময়ে পাঁচ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার আবার চালু করা হয়। এদিন সকালে রাজধানীর ধানমণ্ডিতে আবহানী মাঠ সংলগ্ন সড়কে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অবিলম্বে সরকারের পদত্যাগসহ তিন দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পীসমাজ।
৩ অগাস্ট ৩৪ জুলাই’ আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের জন্য গণভবনের দরজা খোলা। সেই আহ্বান প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল জমায়েত থেকে সরকার পতনের এক দফা দাবি আসে।
ঢাকার পরিবেশ অনেকটা শান্তিপূর্ণ থাকলেও অন্তত ১১ জেলায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। অন্তত একজনের প্রাণহানি হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবেন তিনি। শিক্ষার্থীদের আন্দোলন আর ‘অরাজনৈতিক নেই’। হামলা হলে আত্মরক্ষায় তার ‘জবাব’ দেওয়া হবে।
৪ অগাস্ট ৩৫ জুলাই’
অসহযোগ আন্দোলনের প্রথম দিনে মাঠে নামার ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সারাদেশে ব্যাপক সংঘাতে শতাধিক মানুষের প্রাণহানি হয়। নিহতদের মধ্যে অন্তত ১৪ জন পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৯ নেতাকর্মী ছিলেন।
শাহবাগে ব্যাপক জমায়েতের মধ্যে পরদিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
৫ অগাস্ট ৩৬ জুলাই’
শেখ হাসিনার পতনের আগের দিনও চোটপাট দেখিয়ে গেছে আওয়ামী লীগ। দলটির নিচের পর্যায়ের নেতা-কর্মীরা ঘুণাক্ষরেও ধারণা পাননি যে তাদের পতন আসন্ন।
৫ অগাস্ট সকালেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে পুলিশের সঙ্গে মিলে বিভিন্ন জায়গায় বিক্ষোভকারী ওপর হামলা ও গুলি চালায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সেদিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে ঢাকামুখী হন হাজার হাজার ছাত্র-জনতা। সকাল ১০টার পর থেকেই উত্তরা দিয়ে ঢাকায় ঢুকতে শুরু করে সহস্র মানুষ।
দুপুর নাগাদ শেখ হাসিনার পতনের কথা শোনা যায়। পদত্যাগ করে সামরিক উড়োজাহাজে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠন হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।