শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মতামত আঘাত মানুষকে কষ্ট দেয় না মানুষকে বদলে দেয়

আঘাত মানুষকে কষ্ট দেয় না মানুষকে বদলে দেয়

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, শিক্ষাবিদ ঃ

আঘাত মানুষকে কষ্ট দেয় না মানুষকে বদলে দেয়। কথাটা অদ্ভুত মনে হলেও সত্য। যেটাকে আমরা আপাত দৃষ্টিতে নেতিবাচক শব্দ হিসেবে দেখি সেটার ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যা দেখি তা ভাবি না।

আবার আমরা যা ভাবি তা দেখি না। আঘাতটাও ঠিক এমন একটা বিষয়। যেটাকে দেখা যায় না, ভাবা যায় না কিন্তু সেটা এসে আবার দেখা ও ভাবনার দরজায় এসে কড়া নেড়ে কিছু বলে যেতে চায়। সেটা হয়তো অনেক কঠিন, অনেক বাস্তব তারপরও সেটাতে উপসংহার টানাটা ঠিক নয়। না শব্দটাকে প্রথম দেখাতে নেতিবাচক মনে হতে পারে। কিন্তু না শব্দটার মধ্যে ইতিবাচকতার প্রভাব এতটাই বেশি যে সেটাকে কোনো গন্ডির মধ্যে বেঁধে রাখা সম্ভব নয়। তারপরও হ্যা বলাটা যতটা সহজ না বলাটা ততটাই কঠিন। আঘাতকে যখন আমরা না বলি তখন আঘাতটা চিৎকার করে জানিয়ে দেয় সে কতটা মহামূল্যবান হয়ে উঠতে পারে। অনেকটা রহস্য হয়তো আঘাতে থাকে, অনেক আধো আলোয় আবছা ছায়াও হয়তো তাতে থেকে যায়, তবু কিছু অব্যক্ত সুর সেখানে দোতারা বাজায়। যেমন কবি শঙ্খ ঘোষ বলছেন 

হাতের উপর হাত রাখা খুব সহজ নয়

সারা জীবন বইতে পারা সহজ নয়

এ কথা খুব সহজ, কিন্ত কে না জানে

সহজ কথা ঠিক ততটা সহজ নয়...

পৃথিবীতে কোনো কিছুই সহজ নয়। সহজ কথাটাও অনেক কঠিন। অনেকটা শক্ত পাথরের মতো। অনেকটা কাচ দিয়ে কাটা অসহায় হীরার মতো। যা  বুকটার টুটি চেপে ধরে আঘাতে আহত মানুষের মানুষটাকে জাপটে ধরে। আঘাতের পর আঘাত তখন মানুষকে মানুষ হয়ে উঠবার প্রেরণা যোগায়। তখন  আঘাত যতটা কঠিন বলে মনে হয় আঘাতের উল্টো পিঠটা ঠিক ততটাই  সহজ হয়ে উঠে। আঘাত পেয়ে মানুষের চোখের জল যখন মাটিতে গড়িয়ে পড়ে তখন কঠিন পাহাড়ের আঘাতের বোঝাটা হালকা হয়। হালকা মানুষের হালকা মনে তখন অনেক নতুন পথের স্বপ্ন তৈরী হয়। একটা ক্ষুধায় কাতর মানুষ যখন একমুঠো ভাতের জন্য মানুষের দ্বারা আঘাত প্রাপ্ত হয় তখন সে আঘাত প্রতিঘাত হয়ে তাকে বেঁচে থাকবার পথ দেখায়। সে পথটা হয়তো অনেক কঠিন কিন্তু সে পথকে জয় করা অসম্ভব কিছু নয়। একটা ক্ষুধার্ত  মানুষই পারে খাদ্যের মূল্য বুঝতে। সেই বোধটা  তাকে তাড়িয়ে বেড়ায়, সেটার অভাব পূরণের পথটা খুঁজতে সে মুখিয়ে উঠে । তার ক্ষুধার জ্বালা থেকে তৈরী হয় নতুন ফসলের  উৎসব। নতুন চিন্তার উৎসব। যে আঘাত যত বড় সে আঘাতের শক্তি তত জোরালো।

প্রফুল্ল রায়ের থ্রিলার উপন্যাস আঘাত। যে উপন্যাসে শুরু থেকে শেষ পর্যন্ত চলে নানা ঘাত প্রতিঘাত এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা। মানুষের জীবনে আঘাতটাও তেমনি থ্রিলার উপন্যাসের মতো। যা হেটে হেটে যায় তবে শেষটা কি হবে হয়তো তা কেউ জানে না। কেউ কেওই বলেন অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না। না শুকানোই ভালো। কারণ একটা তরতাজা আঘাত মানুষকে হয়তো সাময়িক কষ্ট দেয়। তবে সেই কষ্ট একদিন মানুষকে বাস্তবতা শিখিয়ে দিয়ে খাঁটি সোনা বানায়।

আমরা মানুষ। খুব সাধারণ হয়তোবা। একটু আঘাতের ধাক্কা খেয়ে ভাবি, আঘাত এলে আমরা ভেঙে পড়ব। হারিয়ে যাব। কিছুই আর থাকবে না। এটা আসলে আমাদের ভাবনা কিন্তু ভাবনাটা যদি জেদ হয়ে ইতিবাচক মনটাকে জাগিয়ে তোলে তখন আঘাত ভেঙে ভেঙে ইতিহাস গড়ে। সে ইতিহাসের পথ মাড়িয়ে মানুষ হেটে যায় বিজয়ের পথে। স্বপ্নের পথে। যে স্বপ্নটা স্বপ্ন নয়, স্বপ্নের চেয়ে আরো বড় কিছু। যা প্রতিদিনের ছোট ছোট আঘাতে মানুষকে মানুষ বানায়। তখন মানুষ স্বপ্নের পিছনে ছোটে না, স্বপ্ন মানুষের পিছনে ছোটে। 

গ্রামের  রাস্তা পেরিয়ে আঘাত শহরের রাস্তায় নামুক।  এরপর শহরের পর শহরে তারাবাতির উজ্জ্বল আলোয় আঘাত প্রত্যাখ্যাত হয়ে মহাবিশ্বের কোথাও এসে মহাবিস্ময় তৈরী করুক। কপালে ভাঁজ পড়া মানুষের কপলাটা প্রচণ্ড আঘাতে ক্ষত বিক্ষত হয়ে ভাগ্যের চাকাটা ঘুরিয়ে ফেলুক চোখের পলকে। যেমন বদলে চলেছে আঘাতে বদলে যাওয়া মানুষের দিনপঞ্চি আর ঘড়ির কাটা। আঘাত থেকে শিক্ষা নিতে হয়, নিজেকে কংক্রিটের মতো ধীরে ধীরে গড়ে তুলতে হয়। ভাঙা গড়া, উত্থান পতন, ঘাত প্রতিঘাত থাকুক না কেন, সময়ের কাছে সেটাই মানুষ শিখুক যেটায় আঘাত আছে। ফুলের যেমন কাটা আছে।

খুঁজুন