শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মতামত বোকা শব্দটা খুব ছোট হলেও এর দর্শনটা খুব গভীর

বোকা শব্দটা খুব ছোট হলেও এর দর্শনটা খুব গভীর

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরীর ফেসবুক থেকে নেয়াঃ

পৃথিবীর সবচেয়ে কমেডি চরিত্র হচ্ছে বোকা | ট্রাজিডি চরিত্রও হচ্ছে বোকা | খুব বিব্রতকর একটা চরিত্র, যেটা বহুমাত্রিক ও পরিবর্তনশীল | ঠিক নাটকের চরিত্র নয়, নাটকের বাইরের বাস্তব জীবনের চরিত্রও এটি | যেটা  গড়তে গড়তে ভেঙে যায়, ভাঙতে ভাঙতে গড়ে উঠে | 

বোকা শব্দটা খুব ছোট হলেও এর ভিতরের মনস্তত্ব ও দর্শনটা খুব গভীর | সবাই নিজেকে বোকা প্রমাণ করতে যেমন ভালোবাসে, ঠিক তেমনি অন্যকেও বোকা বানাতে ভালোবাসে | আপাতদৃষ্টিতে মনে হতে পারে, বোকা তো বোকাই, এটা প্রমাণের কি দরকার | 

তাছাড়া এটা বিজ্ঞানের কোনো সূত্রও নয় যে এটাকে প্রমাণ করে দেখাতে হবে | তারপরও বোকা প্রমাণের সুযোগটা কেউ হাতছাড়া করতে চায়না | 

মানুষ নিজের স্বার্থে বোকা সাজে, আবার নিজের স্বার্থে চালাক সাজে, নিজের স্বার্থে অন্যকে বোকা বানায়, নিজের স্বার্থে অন্যকে চালাক সাজায়  | বিষয়টা অনেকটা আয়নাবাজির মতো | যেখানে মানুষ নিজের প্রয়োজনে চরিত্র বদলায়, রং পাল্টায়, স্বার্থ উদ্ধারের পর আবার আবার পরবর্তী অভিনয়ের জন্য তৈরী হয়  | 

অভিনয় একটা কৌশল, অভিনেতা সে কৌশলের একটা অংশ মাত্র | অথচ এখন অভিনয় মানুষ নামের অভিনেতাদের পেটে ঢুকে গেছে অথচ হজম হচ্ছেনা  | মানুষ এখন খুব ক্ষুধার্ত, না কোনো খাদ্যের অভাবে নয় | বরং নিজেদের ভোগ বিলাস মেটানোর অভাবে  | 

বড় বড় মানুষরা এই রোগের নাম দিয়েছে ভোগবাদিতা | ভোগবাদী বোকাদের অভিনয় কমেছে, অভিনেতা সাজার ক্ষুধা বেড়েছে | সে ক্ষুধার পেট এতটাই বড় হচ্ছে যে তা কখন সেই  মানুষটাকেই খেয়ে ফেলবে তা হয়তো সে নিজেও জানেনা | 

তবে আমি একজন প্রকৃত বোকা খুঁজছি | কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিনা | কাঁচের আয়নার সামনে দাঁড়িয়ে একটা বোকা মানুষকে দেখতে পেলাম | সেখানে আমি ছাড়া কেউ ছিলোনা | তবে আয়নার মানুষটা কে আমি ঠিক বলতে পারছিনা | কারণ আয়নায় যাকে দেখছি সেটা যে আমি তা কিভাবে বিশ্বাস করবো, কারণ নিজের মুখটা যে কখনো নিজে দেখা হয়ে উঠেনি | 

সব মানুষের ভিতরে নিঃস্বার্থ বোকা তৈরী হোক, যারা জানবেনা তারা কি করছে, যারা বুঝবেনা তারা কি করছে, তবে তারা যা করছে তা পৃথিবীর কোনো না কোনো কল্যাণের জন্যই করছে | স্বার্থবাদী মানুষের চোখে নিঃস্বার্থ মানুষরা বোকা হয় | এটাই পৃথিবীর নিয়ম |

কখনো কখনো জ্ঞান আহরণের জন্য মানুষকে বোকা সাজতে হয় | এটাকে নেতিবাচক না ভেবে ইতিবাচক ভাবা যেতে পারে |  কারণ কোনো একটি বিষয়কে একজন মানুষ যেভাবে ভাবছে, অন্যরা হয়তো তাদের মতো করে ভাবছে | সে ভাবনাগুলো থেকে এমন কিছু নতুন সৃষ্টির ধারণা বেরিয়ে আসতে পারে যেটা বোকা মানুষটাকে গবেষণার কিংবা লেখার কোনো নতুন উপাদানের ভাবনায় আক্রান্ত করতে পারে |

তবে বোকা একটি শব্দ মাত্র | সে শব্দটা মানুষ হয়তো তার স্বার্থের কারণেই বানিয়েছে | তবে বোকারা সেটা  কখনো জানতেও পারেনা বা জানার চেষ্টাও করেনা  | আর সেটা  না জানাটাই হয়তো সবচেয়ে  ভালো | কারণ বোকারা কখনো ঘুমায়না,তার শরীরটা বিছানায় গা-এলিয়ে  ঘুমায় | কারণ বোকা মানুষটা তার বাইরের শরীরটাকে  ঘুমিয়ে দিয়ে নিজের ভিতরের বোকা মানুষটাকে  জাগিয়ে রাখতে ভালোবাসে | পৃথিবীতে সবাই ঘুমিয়ে পড়লে জেগে থাকার মানুষ তো আর পাওয়া যাবেনা | 

কাউকে কাউকে আজীবন নিজের সাথে যুদ্ধ করতে করতে জেগে  থাকতে হয় | মানুষের স্বার্থে তাকে ত্যাগের মূল্য দিতে হয় | সামনে এগিয়ে থেকেও সবার পিছনে পিছনে চলতে হয় | পর্দার সামনে আসার কথা থাকলেও পর্দার  পিছনে দাঁড়িয়ে ক্যামেরাম্যানের মতো কাজটা করে যেতে হয় | সবাই ক্যামেরায় বন্দি নায়ক-নায়িকাদের দেখতে ভালোবাসে, অন্তরালের বোকা মানুষটাকে কেউ হয়তো খুঁজেও দেখেনা | হয়তো বোকা মানুষটা সবকিছুই   বুঝে,  মুখটাতে বোকার হাসিটা তারপরও ধরে রাখে আমৃত্যু, তবে সে হাসির পিছনে লুকিয়ে থাকা কান্নাগুলো সে কখনো কাউকে দেখাতে চায়না | মানুষের নির্দয় পৃথিবীতে সে কান্নার মূল্যইবা কতটুকু | বাণিজ্যিক দুনিয়ার চাকচিক্যে সেটা হয়তো কখনো কারো চোখেই পড়েনা | মনকেও এতটুকু নাড়াও দেয়না | 

সব সত্য সত্য নয় , সব মিথ্যা সত্য নয়, সব সত্য মিথ্যা নয়, সব মিথ্যা মিথ্যা নয়  | সবকিছুই একটা খেলা | 

খুঁজুন