শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মতামত মিডিয়ায় ৩০ বছর...

মিডিয়ায় ৩০ বছর...

ওবায়দুর রহমান, সিনিয়র সাংবাদিক :

শুরুটা করেছিলাম আজ থেকে ঠিক ৩০ বছর আগে ১৯৯৫ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের জনসংখ্যা কার্যক্রমের ম্যাগাজিন অনুষ্ঠান -মুখোমুখি 'উপস্থাপনার মধ্য দিয়ে। সুযোগটি করে দিয়েছিলেন বেতার ব্যক্তিত্ব, বিশিষ্ট কবি ও গীতিকার ফজল -এ -খোদা। তারপর একই বছর অডিশনে পাস করে তালিকাভূক্ত হয়ে কাজ শুরু করি ঢাকা বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান -দর্পণে পান্ডুলিপি পাঠক হিসাবে। একই সাথে চলতে থাকে অধিবেশন ঘোষণা ও অনুষ্ঠান উপস্থাপনা। বেতারের সংবাদ পাঠক হই ১৯৯৬ এর মাঝামাঝি। একযোগে চালিয়ে যাই অনুষ্ঠান ঘোষণা, সংবাদ পাঠ, বিভিন্ন অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা। আর নাট্যশিল্পী হিসাবে অডিশনে পাস করে তালিকাভূক্ত হই ১৯৯৮ সালে। কি যে স্বপ্নের মধ্যদিয়ে কেটে গেছে সেইসব দিন আর রাতগুলো ভাবলে আজও আনন্দে মনটা নেচে উঠে। নামমাত্র সম্মানীতে বছরের পর বছর কাজ করে গেছি শুধুই বেতার আর প্রিয় কাজগুলোকে ভালবেসে। বাংলাদেশ বেতারের আমি প্রথম শ্রেণীর উপস্থাপক ও ঘোষক এবং বিশেষ শ্রেণীর সংবাদ পাঠক। 

বাংলাদেশ টেলিভিশনে কাজ করি ১৯৯৬ থেকে ২০০১ এর মাঝামাঝি পর্যন্ত। এ সময়ে আমার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে, ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান 'প্রান্ত -দিগন্ত এবং কৃতি বিজ্ঞানী ডঃ আলী আসগরের গ্রন্থনায় বিশেষ মিলেনিয়াম অনুষ্ঠান -বিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রযুক্তি উপস্থাপনা। এছাড়াও আল -কুরআন, স্বাস্থ্যতথ্য, জন্মভূমি, ইতিহাস কথা বলে ও ভালবাস মোর গানসহ বিভিন্ন অনুষ্ঠানে নেপথ্য কন্ঠদান, উপস্থাপনা ও আবৃত্তিতে নিয়মিত অংশ নিয়েছি।

দেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন -মেট্রোওয়েভ 'এ একজন নিয়মিত ব্রডকাস্টার হিসাবে কাজ করি ১৯৯৯ এর এপ্রিল থেকে ২০০১-এর শেষ নাগাদ। উল্লেখ্য, মেট্রোওয়েভ -এর স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় আমার উপস্থাপনায়। মেট্রোওয়েভের সংবাদ প্রচারও শুরু হয় আমার উপস্থাপনার মধ্যদিয়ে।

দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলায় যোগদান আমার জীবনে এক অনন্য ঘটনা। সময়টা ২০০০ সালের ফেব্রুয়ারি। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে, দেশের প্রথম এই  বেসরকারি টিভি চ্যানেলটির আমি প্রথম সংবাদ উপস্থাপক। বর্তমানে আমি এখানে নির্বাহী প্রযোজক ও সিনিয়র সংবাদ উপস্থাপক হিসাবে কর্মরত। 

আমার এ দীর্ঘ পথচলায় অসংখ্য গুণী মানুষের সাহচর্য পেয়েছি আমি। তাঁদের নিরন্তর সহযোগিতা, উপদেশ, পরামর্শ ও উৎসাহ না পেলে হয়তো এতটা পথ চলতে পারতাম না। মিডিয়ায় আমার ৩০ বছর পূর্তির এই দিনটিতে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি তাঁদের সবাইকে। এবং একই সাথে দোয়াপ্রার্থী আপনাদের সকলের কাছে।

খুঁজুন