শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মতামত তুমি তোমার কাজ করে যাও, থেমে যেওনা

তুমি তোমার কাজ করে যাও, থেমে যেওনা

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, শিক্ষাবিদ :

তোমাকে নিয়ে মানুষ হাসছে, ঠাট্টা-বিদ্রুপ করছে, তাদের করতে দাও, বাধা দিওনা | তুমি তোমার কাজ করে যাও | থেমে যেওনা | একটা কথা সব সময় মনে রেখো, পৃথিবীতে আজ যাদের আমরা সফল মানুষ বলে জানি,  একদিন তাদের দেখেও  মানুষ হেসেছিলো, ঠাট্টা-বিদ্রুপ করেছিল | তারা থেমে যায়নি | তাদের কাজ থেকে এতটুকু  সরে যায়নি বরং মানুষের এই অবহেলা, অবজ্ঞা, অপমানকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, কিন্তু তাদের বুঝতেও দেয়নি | হয়তো তারা কেঁদেছিলো, নীরব যন্ত্রনায় পুড়েছিল, আঘাতের ক্ষত চিহ্ন তারা বয়ে  বেড়াচ্ছিল | কিন্তু কখনো কারো সহানুভূতি চায়নি, কারো ভালোবাসা পেতে নিজেদের ব্যক্তিত্বকে হারিয়ে ফেলেনি, কখনো কারো কাছে তাদের বুকের ভিতরে জমে থাকা কষ্টগুলো প্রকাশ করেনি | কারণ তারা জানতো, মানুষের কাছে কখনো দুর্বলতা প্রকাশ করতে নেই |  

মানুষ দুর্বলদের উপর বুভুক্ষু শুকুনির মতো ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে  | নিজের বড়ত্ব দেখানোর নাম করে সর্বস্ব কেড়ে নিতে এতটুকু ছাড় দেয়না |  বাস্তবতা হলো মানুষ মানুষের অসহায়ত্ব নিয়ে খেলতে ভালোবাসে, মানুষের দুঃখকে পুঁজি করে নিজের লাভটা কড়ায় গন্ডায়  বুঝে নিতে বিন্দুমাত্র কার্পণ্য করেনা  |  

মানুষ অভিনয় করে হয়তো মাথায় হাত বুলিয়ে দিয়ে সহানুভূতি, আবেগ, ভালোবাসা দেখানোর চেষ্টা করবে | সেটা মেরুদন্ড ভেঙে দেবার একটা কৌশল, সেটা মানুষের ভিতর জেগে উঠা স্বপ্নকে মুছে ফেলার একধরণের সুপ্ত কূটনীতি  | কূটনীতি থেকে মানুষকে গিনিপিগ বানানোর রাজনীতিও হয়ে উঠতে পারে সেটা | সহানুভূতি, আবেগ, ভালোবাসা কখনো কখনো আত্মঘাতী হয়, মানুষকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করে |  মিথ্যে ভালোবাসায় লোকদেখানো অতি আবেগ থাকে, ভালোবাসা সত্য হলে সেখানে আগুনে পোড়া রুটির মতো কঠিন বাস্তবতা থাকে |  

তোমার মনকে শক্ত করো, মাটিকে খড়কুটোর মতো  আঁকড়ে ধরো, প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে লড়তে তোমার স্বপ্নকে অতিক্রম করতে শেখো | মনে রেখো স্বপ্নের পিছনে ছোটা মানে স্বপ্নের কাছে পরাজয় মেনে নেওয়া, তোমাকে এমনভাবে ভেঙে ভেঙে গড়ে তুলো যাতে স্বপ্ন তোমার পিছনে ছুটতে  ছুটতে  ক্লান্ত হয়ে পড়ে  |  যেদিন দেখবে তুমি তোমার স্বপ্নের চেয়েও এগিয়ে গেছো  সেদিন তোমার কাছে স্বপ্নগুলো বাস্তবতা হয়ে হার মানতে বাধ্য হবে | তুমি তোমাকে চেনো, তোমার ভিতরের ঘুমন্ত মানুষটাকে চেনো, তাকে ঘুম থেকে জাগিয়ে তোলো | হয়তো তখন দেখবে তুমি এমন কিছু সৃষ্টি করেছো যা ইতিহাসের সব সৃষ্টিকে হার মানিয়েছে, সময়কেও তোমার পিছনে ফেলে দিয়েছে |   

এই পৃথিবীতে বড় হতে হলে অনেক ছোট হতে হয়, সবার পিছনে দাঁড়িয়ে নিজের পিছিয়ে পরার কষ্টটাকে আনন্দ  বানাতে হয়, অবহেলা, অযত্নকে মেনে নিয়ে নিজের ভিতরের অমিত শক্তিটাকে খুঁজতে হয় |  মনে রেখো এই পৃথিবীতে তুমি কখনো হাত ধরে উপরে তোলার মানুষ পাবেনা, তোমার বড় হয়ে উঠার কঠিন লড়াইকে কেউ মেনে নিতে চাইবেনা, তুমি যতই নিজেকে প্রমান করো না কেন মানুষ তা কখনো স্বীকার করে নেবেনা | 

তারপরও তুমি তোমার হাত ছেড়োনা, তুমি তোমার লড়াইটা থামিয়ে দিওনা, তুমি তোমাকে প্রমান করার চেষ্টাটা বন্ধ করোনা | মনে রেখো পৃথিবীটা খুব নির্মম | পৃথিবীর মানুষের বিচারে তুমি যদি ফেল করো তাহলে বুঝে নিও  তুমি পাশ করেছো | কারণ মানুষ যা ভাবে তা বলেনা, মানুষ যা বলেনা মানুষ সেটাই ভাবে | 

তুমি তোমাকে বিচার করতে শেখো, নিজেকে বিচার করতে শিখলে মানুষের বিচারের জন্য কখনো বসে থাকতে হয়না | আর একটা কথা সব সময় মনে রেখো  যে  মানুষরা তোমাকে দেখে একদিন  হেসেছিলো, অপমান করার খেলায় মেতেছিলো সময়ের স্রোতে  তারা ভেসে যাবে একদিন, ইতিহাসও  তাদের কখনো মনে রাখেনি, রাখবেনা কোনোদিনও  |

খুঁজুন