শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি ‘১৬ ডিসেম্বরই ফিরছেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরই ফিরছেন শেখ হাসিনা’

রাজনীতি ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন। তিনি জানান, দেশে ফেরার জন্য সীমান্ত এলাকার সম্ভাব্য পথগুলো বিবেচনা করা হচ্ছে। বিগত ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা দিল্লি থেকে দেশে ফেরার জন্য সরকারের কাছে সামরিক বিমান চেয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে ঢাকা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিকল্প হিসেবে স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পরিকল্পনা চলছে। আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সম্ভাব্য প্রবেশপথগুলো চিহ্নিত করেছেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা অরিন জানিয়েছেন, বিশেষ উড়োজাহাজ বা বাণিজ্যিক ফ্লাইট ছাড়াও প্রয়োজনে হেঁটে বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত তিনি।

এদিকে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। বাহাউদ্দিন নাছিম দাবি করেছেন, সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্য বা কর্মকর্তারা বাধা দেওয়ার সাহস দেখাবেন না। জনগণের শক্তির কাছে প্রশাসন মাথানত করবে বলে তিনি মন্তব্য করেন। গোপালগঞ্জে সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে উত্তেজনা ও পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে।

অন্যদিকে বাংলাদেশ সরকার জানিয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং সরকার রায় কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন যে তাঁকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যর্পণের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে, তবে তিনি স্বেচ্ছায় ফিরতে চাইলে সেটি ভিন্ন বিষয়।

খুঁজুন