শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
অর্থ ও বাণিজ্য পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

অর্থনীতি ডেস্ক: অস্থিরতা ও উৎপাদনের ঘাটতির কারণে বৈশ্বিক পোশাকবাজারে নিজেদের প্রতিযোগিতামূলক সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো নির্ধারিত মাসিক অর্ডারের একটি বড় অংশ এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে। এর ফলে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প বড় ধরনের সংকটের মুখে পড়েছে। পোশাক কারখানার মালিক ও সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, বর্তমান পরিস্থিতির প্রভাব দীর্ঘমেয়াদেও অব্যাহত থাকতে পারে।

চলমান শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে এই নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভের কারণে তৈরি পোশাক খাতে প্রায় ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের বড় অংশের কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রেতারা ঝুঁকি কমাতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার পাশাপাশি ভারতের দিকে ঝুঁকছেন।

পোশাকের ক্রয়াদেশ স্থানান্তরের ঘটনায় প্রতিবেশী দেশ ভারত সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া অর্ডারের বড় অংশই চলে গেছে ভারতে। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দামও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, কম উৎপাদন খরচ ছাড়াও দ্রুত সময়ে পণ্য সরবরাহের সক্ষমতার কারণে প্রতিদ্বন্দ্বী দেশগুলো এই সুবিধা পাচ্ছে।

সম্প্রতি সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দিলেও তা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ কাটেনি। ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের একাংশ এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করায় নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ ও কাঁচামালের চড়া দাম এবং মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট উদ্যোক্তাদের ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। কারখানামালিকদের আশঙ্কা, একবার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেলে ক্রেতারা নতুন উৎপাদনকেন্দ্রের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে পারেন।

আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বজায় রাখতে দ্রুত দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন শিল্পনেতারা। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে কারখানার উৎপাদন জট কমানোর পাশাপাশি দ্রুত পণ্য সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দিতে হবে। অন্যথায় ক্রেতারা বিকল্প দেশগুলোতে পাকাপাকিভাবে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

খুঁজুন