মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি বগুড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজন, সামাজিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এ উপলক্ষে আজ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আজ সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে সকাল সাড়ে ৭টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দলের নেতাকর্মীরা।

বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কে এম হুমায়ুন কবির বাসসকে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০টায় বগুড়া সদর উপজেলার সাখারিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং সকাল ১১টায় একই এলাকার জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। এছাড়া বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং কৃষি, বস্ত্র ও মৎস্য খাতে বিপ্লব ঘটিয়ে বিএনপিকে জনমানুষের দলে পরিণত করেছিলেন। তাঁর আদর্শ বাস্তবায়নে বর্তমান নেতৃত্ব কাজ করে যাচ্ছে।

এছাড়াও আজ বিকেলে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। বিকেল ৩টায় আলতাফুন্নেছা খেলার মাঠে ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট, বিকেল ৪টা ৩০ মিনিটে শহীদ খোকন পার্ক থেকে মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিকেল ৫টায় মাটিডালি বিমানবন্দর মোড়ে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী হিসেবে আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

খুঁজুন