বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদসংক্রান্ত অনিয়ম, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় এসব জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানে সিএমসি ক্যাফের ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা তরকারি সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, রান্না ও পরিবেশনের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, চতুর্থ শ্রেণির কর্মচারী ক্যান্টিনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, রান্না ও পরিবেশনের পাশাপাশি দইয়ে মেয়াদ ব্যবহারের তারিখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ডাবের দাম বেশি রাখার অভিযোগে মেডিকোপ সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ ও বিদেশি অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে জেবিএল সার্জিক্যাল ইউনিট-২কে ২৫ হাজার টাকা এবং স্বপ্না মেডিকেল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং পণ্যের মূল্য নিয়ে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

খুঁজুন