শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ফ্রান্সজুড়ে ধর্মঘট, রাজপথে পৌনে ৬ লাখ মানুষ

ফ্রান্সজুড়ে ধর্মঘট, রাজপথে পৌনে ৬ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: বেতন বৃদ্ধি ও শিক্ষা খাতের সংস্কারসহ নানা দাবিতে ফ্রান্সজুড়ে বড় ধরনের ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশটির বিভিন্ন শহরের রাস্তায় প্রায় পৌনে ছয় লাখ মানুষ অংশ নেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সরকারি অসন্তোষের ঢেউয়ের মধ্যে একদিনের জমায়েতে এটি ছিল সবচেয়ে বড় উপস্থিতি। শান্তিপূর্ণভাবে পালিত হলেও কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভের পাশাপাশি বিভিন্ন খাতের কর্মীরা কর্মবিরতিতে যাওয়ায় স্কুল, বিশ্ববিদ্যালয় ও রেল যোগাযোগে তীব্র কর্মী সংকট দেখা দেয়। সরকারি হিসাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর এক-তৃতীয়াংশ এবং স্কুলগুলোর প্রায় ১৩ শতাংশ কার্যক্রমে বিঘ্ন ঘটে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হাসপাতালগুলোতে এই ধর্মঘটের প্রভাব বেশ কম ছিল এবং চিকিৎসাসেবা স্বাভাবিক ছিল।

শুরুতে শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে মাঠে নামলেও পরে বড় ট্রেড ইউনিয়ন ও ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা এতে যোগ দেয়। ফলে এই কর্মসূচিটি একটি সর্বাত্মক সামাজিক আন্দোলনে রূপ নেয়। বিভিন্ন খাতের পক্ষ থেকে মজুরি বৃদ্ধি, পেনশন বাড়ানো এবং শিক্ষা খাতে অতিরিক্ত বাজেট বরাদ্দের জোরালো দাবি জানানো হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই অত্যন্ত সতর্ক অবস্থানে ছিল। রেন, লিওঁ ও মার্সেইয়ের মতো কিছু শহরে উগ্র বামপন্থি কর্মীদের সঙ্গে সংঘর্ষের জেরে পুলিশ কয়েকশ বিক্ষোভকারীকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কোথাও কোথাও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে এবং বলপ্রয়োগ করে।

বিক্ষোভকারীদের দাবিগুলো সহজে পূরণ হওয়ার মতো না হওয়ায় আন্দোলন সহসাই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বড়দিন ও আগামী বসন্তের নির্বাচন পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারীরা। এদিকে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

খুঁজুন