শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করেছিল। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান। যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত ও একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিল, তাদের পরাজয় ঘটেছিল এই বিপ্লবের মাধ্যমে।

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী সব চক্রান্ত অতীতে রুখে দিয়েছিল। এই দিনটি দেশের ইতিহাসে শত্রু ও মিত্র চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। তিনি আরও বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের এবং ২০২৪ সাল ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই।

তিনি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ওপর জোর দিয়ে জানান, অতীতের ভুল এবং ষড়যন্ত্র থেকে শিক্ষা না নেওয়া একটি ঐতিহাসিক ভুল। দীর্ঘ ষড়যন্ত্রের পথ ধরে পরাজিত অপশক্তি অতীতে দেশের সেনাবাহিনীর গৌরব ভূলুণ্ঠিত করেছিল এবং ভোটাধিকার কেড়ে নিয়েছিল। হাজারো শহিদের আত্মত্যাগ ও ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ অবশেষে ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ভবিষ্যতে কেউ যেন দেশের জনগণের অধিকার হরণ করতে না পারে, তার জন্য জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য বজায় রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে। সবার আগে বাংলাদেশ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বৈপ্লবিক চেতনা ভবিষ্যৎ নির্মাণে প্রেরণা জোগাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

খুঁজুন