মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর হিন্দুরা সংখ্যালঘু নয়, এদেশেরই নাগরিক

হিন্দুরা সংখ্যালঘু নয়, এদেশেরই নাগরিক

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের অনেকের মুখে প্রায়ই শোনা যায় আমরা মাইনরিটি। অথচ বাস্তবে তারা সংখ্যালঘু নন, এদেশেরই নাগরিক, ভূমিপুত্র–ভূমিকন্যা। তিনি বলেন, আপনি কেন নিজেকে দুর্বল মনে করবেন? পৃথিবীতে যদি কেউ নিজেকে দুর্বল ভাবে, তবে তাকে কেউ শক্তিশালী করতে পারে না। যেমন ডাক্তারের কাছে রোগী যদি নিজেকে অসুস্থই মনে করে, তবে পৃথিবীর কোনো ওষুধে সে সুস্থ হবে না। তাই মনে রাখতে হবে, আমরা কেউ ছোট নই, খাটো নই— সবাই সমান মর্যাদার নাগরিক।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুর রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার ১৩১টি পূজা মণ্ডপে নগদ অর্থসহ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। মনোহরপুর রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দির থেকে শুভেচ্ছা উপহার প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ঞ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। প্রধান অতিথি হাজী ইয়াছিন আরও বলেন, পৃথিবীতে বিভিন্ন ধর্ম থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু কেউই মাইনরিটি নয়। আমরা সকলেই এই দেশের নাগরিক, আমাদের বাপ–দাদারা এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন। নাগরিকদের মধ্যে কোনো শ্রেণিবিভেদ নেই। চলুন আমরা এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাই। তিনি আরও বলেন, “এক সময় কিছু অপকর্ম হয়েছিল, তবে ভবিষ্যতে আর কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের অপকর্ম করে তারা কেবল সুযোগ সন্ধানী। আমাদের ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।”

আগামী প্রজন্মের জন্য সুন্দর কুমিল্লা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, “আমরা আমাদের সন্তানদের কষ্ট করে লালন–পালন করি, যেন তারা সুন্দর ভবিষ্যৎ পায়। কিন্তু যদি আমরা তাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি করে না যেতে পারি, তবে সব কষ্টই বিফলে যাবে। তাই হিন্দু–মুসলিম সবাই মিলে সম্প্রীতির কুমিল্লা গড়তে হবে।” ইয়াছিন বলেন, “এই এলাকা, এই দেশ, এমনকি এই পৃথিবী আমাদের সবার। একে সুন্দর রাখার দায়িত্বও আমাদের সবার।”

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, ১১ নং বিএনপির সভাপতি জহিরুল হক, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, পূজা উদযাপন পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক নারায়ণ সরকারসহ অন্যরা।

খুঁজুন