বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ই-পিএমআইএস ব্যবহারে সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ অব্যাহত

ই-পিএমআইএস ব্যবহারে সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ অব্যাহত

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম ডিজিটাইজ করতে ইলেকট্রনিক প্রকল্প ব্যবস্থাপনা তথ্য সিস্টেম (ই-পিএমআইএস) ব্যবহারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে আজ বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর সম্মেলন কক্ষে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং বিপিপিএ’র কর্মকর্তাদের জন্য ই-পিএমআইএস বিষয়ে সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণের প্রথম ব্যাচে আইএমইডি ও বিপিপিএ’র মোট ২০ জন কর্মকর্তা অংশ নেন। এ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য মোট পাঁচটি ব্যাচে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

এর আগে মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে ই-পিএমআইএস ব্যবহারকারীদের পাঁচটি ব্যাচের মধ্যে চারটি ব্যাচে মোট ৮০ জন এবং অন্যান্য ই-পিএমআইএস ব্যবহারকারীদের পাঁচটি ব্যাচের মধ্যে চারটি ব্যাচে আরও ৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সরকারের সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান আজ সকালে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এডিপিভুক্ত প্রকল্পগুলোর পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম ডিজিটাইজ এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে বিপিপিএ’র তত্ত্বাবধানে আইএমইডির জন্য ই-পিএমআইএস তৈরি করা হয়েছে।

সিস্টেমটিতে প্রকল্পের পরিকল্পনা, সময়সূচি, বাজেট, বরাদ্দ, ব্যয় এবং মাঠপর্যায়ের পরিদর্শন সংক্রান্ত তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে এর মাধ্যমে প্রকল্পের হালনাগাদ তথ্য ও বাস্তবায়ন অগ্রগতি তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে।

উদ্বোধনী বক্তব্যে বিপিপিএ’র সিইও আবু সাঈদ মো. কামরুজ্জামান আইএমইডির কর্মকর্তাদের নিজ নিজ প্রকল্পের তথ্য সঠিকভাবে ও সময়মতো সরবরাহ নিশ্চিত করতে প্রকল্প পরিচালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, প্রকল্পের সঠিক ও সময়োপযোগী তথ্য পাওয়া গেলে প্রকল্প সমাপ্তি প্রতিবেদন (পিসিআর) প্রস্তুত করা সহজ হবে। একই সঙ্গে প্রকল্পের পরিবীক্ষণ ও মাঠপর্যায়ের পরিদর্শন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সিইও বলেন, প্রকল্পের ভৌত কাজ নির্ধারিত সমাপ্তির সময়ের অন্তত তিন মাস আগে শেষ করা সম্ভব হলে প্রকল্পের তথ্য সংগ্রহ ও হালনাগাদ করা সহজ হবে। এর ফলে হালনাগাদ ড্যাশবোর্ডের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও ফলাফলের একটি স্বচ্ছ চিত্র পাওয়া সম্ভব হবে।

খুঁজুন