শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান ও গবেষণায় সহায়তা দিতে চুক্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান ও গবেষণায় সহায়তা দিতে চুক্তি

শিক্ষা ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গবেষণা কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ট্রাম্প সেন্টারে এই ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়। জাতিসংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত 'ইউনিভার্সিটি ফর পিস (ইউপিস)' এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান 'কোডার্সট্রাস্টের' সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই চুক্তির আওতায় শিক্ষার্থীদের জন্য ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। অনলাইন, অফলাইন ও ব্লেন্ডেড পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিংয়ের মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের ক্যারিয়ার পরামর্শ ও পেশাগত জীবনে প্রবেশের সুযোগ তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তাব্যক্তিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নথিপত্র স্বাক্ষর করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ, ইউপিসের ডিন মিহির এবং কোডার্সট্রাস্টের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজিজ আহমেদ এই চুক্তিতে অংশ নেন।

এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়টির বিশাল কলেজ নেটওয়ার্ক কাজে লাগিয়ে কার্যক্রমগুলো শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। অন্যদিকে ইউনিভার্সিটি ফর পিস শান্তিশিক্ষা, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ে একাডেমিক জ্ঞান এবং প্রশিক্ষক সরবরাহ করবে। এছাড়া শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক সম্মেলন আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এই তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের মানসম্মত শিক্ষা এবং শোভন কাজের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ পেয়ে নিজেদের ভবিষ্যৎ কর্মজীবন আরও সমৃদ্ধ করতে পারবে।

খুঁজুন