বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ঝালকাঠিতে জেলের মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে জেলের মরদেহ উদ্ধার

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর আব্দুল মন্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার রাত দেড়টার দিকে আওরাবুনিয়া বাজার সংলগ্ন বিষখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। মন্নান আওরাবুনিয়া এলাকার মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।

কাঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বাসস’কে জানান, মঙ্গলবার বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ ধরতে যান মন্নান। মাছ ধরার সময় ৩টার দিকে অসাবধানতাবশত ট্রলার থেকে নদীতে পড়ে যান তিনি। কাছাকাছি থাকা জেলেরা তাকে নদীতে তলিয়ে যেতে দেখেন। এরপর স্থানীয় জেলেরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে বরিশাল থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে বুধবার রাতে পরিবারের সদস্যরা ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলের কাছেই মন্নানের মরদেহ ভেসে ওঠে। স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় জমাদ্দার বাড়ি নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

কাঁঠালিয়া থানার ওসি মো. আবু নাছের রায়হান আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খুঁজুন