সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা: এজেন্সি মালিকের কারাদণ্ড, ১৪ পাসপোর্ট জব্দ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা: এজেন্সি মালিকের কারাদণ্ড, ১৪ পাসপোর্ট জব্দ

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামের এক ভুয়া এজেন্সি মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ কার্যকর করা হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নির্বাহী হাকিম সৈয়দ শামসুল তাবরীজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির অবৈধ কার্যক্রম হাতেনাতে ধরা পড়ে।

অভিযানের সময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চাঁদ ট্রাভেলস নামের প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স বা নিবন্ধন দেখাতে ব্যর্থ হন। তিনি মূলত 'পৃথিলা ইন্টারন্যাশনাল' নামের একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। পরবর্তীতে অবৈধভাবে পরিচালিত ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরানো এবং প্রতারণা রোধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাকারীদের ক্ষেত্রে মন্ত্রণালয় সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য এবং নিরীহ মানুষকে সর্বস্বান্তকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে কঠোর আইনি প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার ঘোষণা দেন তিনি।

বিদেশগামী সাধারণ কর্মীদের সতর্ক করে মন্ত্রী বলেন, বিদেশ যাত্রার আগে অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা ও লাইসেন্স ভালোভাবে যাচাই করে নিতে হবে। কোনো ধরনের দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সাধারণ মানুষকে রক্ষা এবং প্রতারক চক্রকে নির্মূল করতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

খুঁজুন