শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নিউরালিংক: মানব মস্তিষ্কে চিপ বসানোর চূড়ান্ত অনুমতি মিলল • ডিএনসিসি প্রতিষ্ঠার ১৫ বছর: হাফ ম্যারাথনে অংশ নিলেন ৫ হাজার প্রতিযোগী • রাজবাড়ীর গোয়ালন্দে ছিনতাইকালে বিদেশি পিস্তলসহ আটক ৩ • বিনা খরচে মালয়েশিয়া: প্রথম ধাপের ১১২ কর্মীর মধ্যে পৌঁছলেন ১০৩ জন • গজারিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পাবেন ৫ হাজার রোগী • কিশোরগঞ্জ-৩: উপনির্বাচনেও জামায়াতের প্রার্থী জেহাদ খান • ক্রাইস্টচার্চে ব্যাট-বলের দারুণ লড়াইয়ে কিছুটা এগিয়ে কিউইরা • গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে • হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফোনের তথ্য চুরির শঙ্কা • পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ
বিজ্ঞান ও প্রযুক্তি নিউরালিংক: মানব মস্তিষ্কে চিপ বসানোর চূড়ান্ত অনুমতি মিলল

নিউরালিংক: মানব মস্তিষ্কে চিপ বসানোর চূড়ান্ত অনুমতি মিলল

প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে মানব মস্তিষ্কে ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইসের প্রথম চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার অনুমতি পেয়েছে ইলন মাস্কের প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরালিংক। ‘লিংক’ নামের এই ব্রেইন চিপের অনুমোদন কোম্পানিটির গবেষণা কার্যক্রমকে বহু দূর এগিয়ে নিয়ে গেছে, যা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের মস্তিষ্কের সংকেত ব্যবহার করে ডিভাইস পরিচালনার সুযোগ দেবে। মূলত অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা এএলএস-এ আক্রান্ত সীমিত সংখ্যক রোগীর জন্য এই পরীক্ষামূলক ট্রায়ালটি উন্মুক্ত রাখা হবে। স্নায়বিক এই রোগটি মানবদেহের ঐচ্ছিক পেশী সঞ্চালন নিয়ন্ত্রণকারী বিভিন্ন স্নায়ুকোষের মারাত্মক ক্ষতি করে থাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিউরালিংক জানিয়েছে, মস্তিষ্কে স্থাপনযোগ্য ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইসের প্রথম ট্রায়াল যুক্তরাষ্ট্রে শুরু করার জন্য তারা এফডিএ-এর সবুজ সংকেত পেয়েছে। এখন পর্যন্ত ত্রিশের অধিক অংশগ্রহণকারীর সঙ্গে কাজের অর্জিত অভিজ্ঞতার ভিত্তিকে এই গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করা হচ্ছে। এর আগে গত বছর নিউরালিংক একটি বড় মাইলফলক স্পর্শ করেছিল, যখন এএলএস আক্রান্ত তাদের প্রথম অংশগ্রহণকারী ব্র্যাডফোর্ড স্মিথ কেবল মস্তিষ্কের সংকেত ব্যবহার করেই যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন। সে সময় স্মিথ মন্তব্য করেছিলেন যে এই প্রযুক্তি তাকে নতুন স্বাধীনতা, আশা এবং দ্রুততর যোগাযোগের সুযোগ দিয়ে তার জীবনকে অনেক উন্নত করেছে।

পরীক্ষামূলক ভিত্তিতে পাওয়া এই অনুমোদন নিউরালিংকের লিংক ব্রেইন-ইমপ্লান্ট সিস্টেমের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এই গবেষণার মূল উদ্দেশ্য হলো রোগীদের কেবল চিন্তার ক্ষমতাকে কাজে লাগিয়ে ডিজিটাল ডিভাইস নিয়ন্ত্রণের সক্ষমতা মূল্যায়ন করা, যা তাদের দৈনন্দিন জীবনে স্বনির্ভরতা বহুগুণ বাড়িয়ে দেবে। পাশাপাশি, এই ট্রায়ালের মাধ্যমে সিস্টেমটির দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতাও নিবিড়ভাবে যাচাই করা হবে। নিউরালিংকের সর্বাধুনিক প্রক্রিয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর মাথার খুলিতে এন১ ইমপ্লান্ট বসানো হয় এবং পরবর্তীতে আর১ রোবট ব্যবহার করে মস্তিষ্কের ভেতরে নমনীয় ইলেকট্রোড প্রবেশ করানো হয়।

পরবর্তীতে নড়াচড়া সংক্রান্ত মস্তিষ্কের স্নায়বিক কার্যকলাপ একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা হয়, যা এই সংকেতগুলোকে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস নিয়ন্ত্রণের বিভিন্ন কমান্ডে রূপান্তর করে। বহির্বিশ্বের সঙ্গে শারীরিক প্রতিবন্ধকতায় ভোগা রোগীদের যোগাযোগ সহজ করার লক্ষ্যে এই প্রযুক্তিটি তৈরি করা হয়েছে, যার চূড়ান্ত লক্ষ্য হলো কিবোর্ড বা অন্য কোনো শারীরিক মাধ্যম ছাড়াই তাদের ডিভাইস চালানোর পূর্ণ স্বাধীনতা দেওয়া। নিউরালিংক জানিয়েছে যে এএলএস আক্রান্ত রোগীরা এই লিংক ট্রায়ালে অংশ নেওয়ার যোগ্য হতে পারেন, যদিও নির্দিষ্ট অংশগ্রহণকারী বা অন্যান্য শর্তের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বর্তমানে ক্লিনিক্যাল প্রোটোকল যথাযথভাবে মেনে গবেষণাটি পরিচালনার জন্য ট্রায়ালের উদ্দেশ্যে রোগী নিয়োগের অনুমতি পেয়েছে নিউরালিংক। এই উদ্ভাবনী প্রযুক্তিটি শেষ পর্যন্ত নিরাপদ প্রমাণিত হলে তা নিউরালিংকের জন্য আরও উন্নত ধাপের পরীক্ষার আবেদন করার এবং বাজারে ‘লিংক’ বাণিজ্যিকভাবে নিয়ে আসার পথ প্রশস্ত করবে।

খুঁজুন