সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ধামরাইয়ে হার্ডিঞ্জ স্কুলে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ • নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, সাশ্রয় হচ্ছে ২০ হাজার টাকা • লবণাক্ত পানি কি প্রভাব ফেলছে পড়াশোনায়? • দেশি খাবারে শিশুর অপুষ্টি দূর • ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ • ‘ডিফেন্ডার’-এর নকশা নকল, চীনা এসইউভি ইউরোপে নিষিদ্ধ! • ‘বস্তা বস্তা টাকা লেনদেন’ বক্তব্য মুখ ফসকে বলা’ • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা: এজেন্সি মালিকের কারাদণ্ড, ১৪ পাসপোর্ট জব্দ • থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর, শুরুতে চলবে ৪ ফ্লাইট • স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন
দেশের খবর নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, সাশ্রয় হচ্ছে ২০ হাজার টাকা

নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, সাশ্রয় হচ্ছে ২০ হাজার টাকা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার

নওগাঁ জেলা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের খামারি নুর এ আলমের খামার পরিচালিত হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে। পুরো খামারের পরিবেশের ওপর নজর রাখা হচ্ছে একটি স্মার্টফোনের মাধ্যমে। খামারের প্রয়োজনীয় কারিগরি কর্মকাণ্ড মোবাইল অ্যাপসের মাধ্যমে দূরে থেকেও সম্পন্ন করা যাচ্ছে।

বাইরে থেকেও মোবাইল ফোনেই খামারের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতার অবস্থা জানা সম্ভব হচ্ছে। প্রয়োজন হলে দূর থেকেই চালু বা বন্ধ করতে পারছেন ফ্যান, ব্লোয়ার, লাইট ও স্প্রিংকলার। ইন্টারনেট অব থিংস বা আইওটি প্রযুক্তির ব্যবহারে বদলে যাচ্ছে খামার পরিচালনার প্রচলিত পদ্ধতি। প্রযুক্তিটি স্থাপনের আগে খামারের দৈনন্দিন কার্যক্রম, গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিবেশ নিয়ন্ত্রণে মাসে ব্যয় হতো প্রায় দেড় লাখ টাকা। এখন একই খাতে ব্যয় হচ্ছে ১ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ মাসে সাশ্রয় হচ্ছে ২০ হাজার টাকা। বছরে এ সাশ্রয়ের পরিমাণ ২ লাখ ৪০ হাজার টাকা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী খামারে এই আইওটি প্রযুক্তি স্থাপন করেছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। এর মধ্যে মৌসুমী ও পিকেএসএফের আর্থিক সহায়তা ছিল ৫০ হাজার টাকা। বাকি ১০ হাজার টাকা দিয়েছেন খামারি নুর এ আলম। সংশ্লিষ্টদের মতে, স্বল্প বিনিয়োগে প্রযুক্তিভিত্তিক এই ব্যবস্থা খামার পরিচালনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। নওগাঁর রাণীনগর উপজেলা থেকে আসা খামারি আরিফ মাহমুদ জানান, আগে খামারের পরিবেশ ঠিক রাখতে সার্বক্ষণিক নজরদারি করতে হতো। কখন ফ্যান চালাতে হবে, কখন পানি ছিটাতে হবে কিংবা বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে—এসব বিষয়ে শ্রমিকদের নির্দেশনা দিতে হতো। এখন মোবাইল ফোনেই খামার পরিচালনা করা যাচ্ছে। ফলে খামারে সরাসরি উপস্থিত না থেকেও অনেক দূরে থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। তাই তিনি জানতে পেরে খামারটি দেখতে এসেছেন।

তিনি আরও জানান, এই আইওটি প্রযুক্তির ব্যবহারে খামারের পরিচালন ব্যয়েও সাশ্রয় মিলছে। এই প্রযুক্তি স্থাপনের আগে খামারের মাসিক মোট ব্যয় ছিল দেড় লাখ টাকা। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। শ্রমিক খাতে মাসে ২০ হাজার টাকা সাশ্রয় হচ্ছে, যা একজন খামারির জন্য বড় একটি সুখবর। তিনিও তার খামারে এই প্রযুক্তি ব্যবহার করবেন বলে জানান।

হাসিন-হাসিব ডেইরি ফার্মের ম্যানেজার ময়ফুল ইসলাম বলেন, মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকেই ফ্যান, ব্লোয়ার, লাইট ও স্প্রিংকলার চালু ও বন্ধ করা যায়। এতে শ্রমিকের ওপর নির্ভরতা যেমন কমেছে, তেমনিভাবে সময় ও পরিচালন ব্যয়ও সাশ্রয় হচ্ছে। গবাদিপশুর জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করাও সহজ হচ্ছে। তবে পরিচালন ব্যয় কমলেও বিদ্যুৎ বিল আগের মতোই রয়েছে। কারণ ফ্যান, ব্লোয়ার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার এখনো প্রয়োজন অনুযায়ী করতে হচ্ছে। পরিবেশের তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় যন্ত্র ব্যবহারে আরও দক্ষতা আনা গেলে ভবিষ্যতে ব্যয় ব্যবস্থাপনায় বাড়তি সুফল পাওয়া সম্ভব হবে।

মৌসুমীর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূর হোসেন বলেন, অনেক সময় গরুর খামারে তাপমাত্রার তারতম্য, অতিরিক্ত আর্দ্রতা ও পর্যাপ্ত বাতাস চলাচলের অভাবে নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে গরমের সময় হিট স্ট্রেসের কারণে গরুর খাবার গ্রহণ ও স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। দুধ উৎপাদনেও এর প্রভাব পড়ে। এসব পরিস্থিতি সামাল দিতে খামারিদের নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ করতে হয়। কিন্তু শ্রমিক সংকট ও বাড়তি পরিচালন ব্যয়ের কারণে অনেক সময় তা কঠিন হয়ে পড়ে। খামারে স্থাপন করা আইওটি প্রযুক্তিতে তাপমাত্রা পরিমাপের জন্য রয়েছে বিশেষ সেন্সর। এসব সেন्সরের মাধ্যমে খামারের তাপমাত্রার তথ্য সংগ্রহ করা হয়। মোবাইল অ্যাপ বা মনিটরিং ড্যাশবোর্ডে দেখা যায় সেই তথ্য। তাপমাত্রা নির্দিষ্ট মাত্রার বেশি হলে মোবাইল ফোনের মাধ্যমে ফ্যান কিংবা স্প্রিংকলার চালু করা যায়। চাইলে স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায় ব্লোয়ার, লাইট ও এক্সহস্ট ফ্যান। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হয় এবং গবাদিপশুর পরিচর্যার মান উন্নত করা সম্ভব।

নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আইওটি প্রযুক্তির মাধ্যমে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিকল্পিত ও বিজ্ঞানসম্মতভাবে খামার পরিচালনা করা যায়। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা খামারে এই প্রথম এমন প্রযুক্তি বাস্তবায়ন করছে। ভবিষ্যতে সরকারি-বেসরকারি উদ্যোগে মাঠপর্যায়ে এই ধরনের প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেওয়া গেলে খামারিরা আরও অনেক উপকৃত হতো। বিশেষ করে শ্রমিক সংকটের হাত থেকে অনেকটাই রেহাই পেত।

খুঁজুন