সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ধামরাইয়ে হার্ডিঞ্জ স্কুলে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ • নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, সাশ্রয় হচ্ছে ২০ হাজার টাকা • লবণাক্ত পানি কি প্রভাব ফেলছে পড়াশোনায়? • দেশি খাবারে শিশুর অপুষ্টি দূর • ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ • ‘ডিফেন্ডার’-এর নকশা নকল, চীনা এসইউভি ইউরোপে নিষিদ্ধ! • ‘বস্তা বস্তা টাকা লেনদেন’ বক্তব্য মুখ ফসকে বলা’ • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা: এজেন্সি মালিকের কারাদণ্ড, ১৪ পাসপোর্ট জব্দ • থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর, শুরুতে চলবে ৪ ফ্লাইট • স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন
স্বাস্থ্য ও চিকিৎসা দেশি খাবারে শিশুর অপুষ্টি দূর

দেশি খাবারে শিশুর অপুষ্টি দূর

স্বাস্থ্য ডেস্ক: শিশুর বয়স বাড়লেও ওজন না বাড়লে কিংবা খেতে অনীহা দেখা দিলে অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হওয়া স্বাভাবিক। অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ভিটামিন বা নানা রকম পুষ্টির সাপ্লিমেন্ট খাওয়াতে শুরু করেন। তবে শিশুর অপুষ্টির পেছনে শুধু খাবারের পরিমাণ নয়, বরং প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি ও ভুল খাদ্যাভ্যাসও দায়ী। জীবনের প্রথম দুই বছর শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি সময়।

শিশুর অপুষ্টির পেছনে মূলত ভুল খাদ্যাভ্যাস, বারবার অসুস্থ হওয়া, জন্মগত জটিলতা এবং আর্থসামাজিক কারণ কাজ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, খর্বকায়তা, কৃশকায়তা, কম ওজন এবং অণু-পুষ্টির ঘাটতি হলো অপুষ্টির প্রধান কয়েকটি রূপ। এই পরিস্থিতি মোকাবেলায় কেবল পেট ভরানোর দিকে মনোযোগ না দিয়ে খাদ্যের পুষ্টি-বৈচিত্র্য নিশ্চিত করা দরকার। ছয় মাস বয়স থেকে মায়ের বুকের দুধের পাশাপাশি বয়সোপযোগী পরিপূরক খাবার শুরু করতে হবে।

দামি কোনো বিদেশি খাবারের পরিবর্তে আমাদের আশপাশে থাকা দেশি খাবারেই শিশুর সব পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব। শিশুদের খাদ্যতালিকায় ডিম, দেশি ছোট ও বড় মাছ, মুরগির মাংস, ঘন খিচুড়ি, ডাল, দুধ ও দই রাখা যেতে পারে। পাশাপাশি আলু, মিষ্টিকুমড়া, বিভিন্ন দেশীয় শাকসবজি এবং পাকা কলা, পেঁপে বা পেয়ারার মতো মৌসুমি ফল পুষ্টির ঘাটতি দূর করতে দারুণ ভূমিকা রাখে।

অপুষ্টি প্রতিরোধে অতিরিক্ত লবণ, চিনি ও প্যাকেটজাত খাবার বর্জন করা উচিত এবং এক বছরের কম বয়সি শিশুকে মধু দেওয়া থেকে বিরত থাকতে হবে। শিশু অসুস্থ হলে বুকের দুধ বন্ধ না করে বরং ঘন ঘন খাওয়ানোর ওপর জোর দিতে হবে। দীর্ঘদিন শিশুর ওজন না বাড়লে বা শরীরে অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।

খুঁজুন