রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সাতক্ষীরায় পর্যটন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় পর্যটন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জেলায় আজ ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সাতক্ষীরা জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। 

দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসক চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন, সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ব পর্যটন দিবসের তাৎপর্য ও জেলার পর্যটন সম্ভাবনা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাতক্ষীরা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক শেখ মো. মনিরুজ্জামান।

আলোচনা সভায় বক্তব্য রাখে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার ও সামাজিক বনায়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ বক্তব্য দেন। 

সভায় বক্তারা বলেন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটনশিল্পের প্রসারে উন্নত যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক মানের অবকাঠামো এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মতো পর্যটনকেন্দ্র তৈরি প্রয়োজন। তবে পর্যটন এলাকার প্রসারের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে তারা প্লাস্টিক বর্জ্য কমানো ও পরিবেশ দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। 

জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে নৌপথে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন বিকাশ এবং সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে দেবহাটা উপজেলার রূপসী ম্যানগ্রোভ এলাকাকে একটি উপযোগী পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খুঁজুন