বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর আওয়ামীপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের নামে অপপ্রচার

আওয়ামীপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের নামে অপপ্রচার

: বাংলাফ্যাক্ট

ভারতের আসামের একটি ঘটনাকে আওয়ামীপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, চট্টগ্রামের পটিয়ায় গত বছর স্থানীয় সন্ত্রাসীরা ইকরা নামে এক তরুণীকে হত্যা করে— এমন দাবি করে একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

আওয়ামীপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগ করার কারণে সেই তরুণীর বাবাকে বিদেশে পাড়ি দিতে হয় এবং এই সুযোগে সন্ত্রাসীরা তাকে বাড়ি ফেরার পথে একা পেয়ে হত্যা করে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি অসত্য এবং এই ছবিটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। গত বছরের অক্টোবরে ভারতের আসামের ধেমাজির গাইন্দি নদীর তীরে জ্যোতিকা কলিতা নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। এটি সেই ঘটনার দৃশ্য।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 
সম্প্রতি বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম নিয়মিত এ ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

খুঁজুন