বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কুড়িগ্রামে অতিরিক্ত ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

কুড়িগ্রামে অতিরিক্ত ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

 চলতি আমন মৌসুমে কৃত্রিম সংকট দূর ও কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে কুড়িগ্রাম জেলায় মাসভিত্তিক স্বাভাবিক বরাদ্দের বাইরে অতিরিক্ত আরও ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ দিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) থেকে এই সংক্রান্ত বিশেষ বরাদ্দের আদেশ জারি করা হয়েছে। চাহিদা অনুযায়ী মাঠ পর্যায়ে প্রকৃত কৃষকদের মাঝে সরাসরি এ সার বিতরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বাসস’কে জানান, কৃষি বিভাগের সুপারিশ ও স্থানীয় কৃষকদের বাস্তব চাহিদার বিষয়টি বিবেচনা করে সেপ্টেম্বর মাসের নির্ধারিত বরাদ্দের অতিরিক্ত এই ৫শ’ টন ইউরিয়া সার পাওয়া গেছে। জেলা ও উপজেলা প্রশাসনের নিবিড় তদারকিতে বিসিআইসি ও বিএডিসি’র ডিলারদের মাধ্যমে দ্রুততম সময়ে এই সার প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে দেয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন, ‘কৃষি বিভাগের প্রতিবেদন অনুযায়ী জেলায় এবার সারের কোনো ঘাটতি নেই। গত বছরের তুলনায় এ বছর সারের বরাদ্দ উল্লেখ্যযোগ্যভাবে বাড়ানো হয়েছে। যেখানে গত বছর কোনো সংকট হয়নি, সেখানে এবার অতিরিক্ত বরাদ্দের পর সার সংকট হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। কোনো ডিলার বা অসাধু চক্র সার মজুদ কিংবা কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর-এই তিন মাসে কুড়িগ্রাম জেলায় মোট ইউরিয়া সার বরাদ্দ দেয়া হয়েছে ১২ হাজার ৪৮৩ টন। এরমধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই বরাদ্দ দেয়া হয়েছে ৪ হাজার ৬৪৪ টন, যা গত বছরের সেপ্টেম্বরের (৩,৮৯৪ টন) তুলনায় ৭৫০ টন বেশি।

কৃষি কর্মকর্তারা বাসস’কে জানান, বর্তমানে আমন ধানের যে বৃদ্ধি পর্যায় রয়েছে, তাতে নতুন করে ইউরিয়া বা ডিএপি সার প্রয়োগের বৈজ্ঞানিক প্রয়োজন নেই। তবে কিছু এলাকায় কৃষকদের অতিরিক্ত সার ব্যবহারের প্রবণতা এবং আসন্ন রবি মৌসুমের জন্য আগাম সার সংগ্রহের চেষ্টার কারণে সার বিক্রয় কেন্দ্রগুলোতে সাময়িক ভিড় পরিলক্ষিত হচ্ছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাসস’কে জানান, মাঠে সুষম সার ব্যবহারের বিষয়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন।

খুঁজুন