বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কেন হামের প্রয়োজনীয় টিকা আমদানি হয়নি, জানা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী • এআই সামলাচ্ছেন নতুন স্নাতকরা, কিন্তু পেশাগত দক্ষতার কী হবে? • বড় হয়েও শৈশবের আনন্দ কেন ভালো লাগে? • সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ • সরকার বিশ্বাস করে নারীর অর্থনৈতিক স্বাধীনতাই উন্নয়নের ভিত্তি: জুবাইদা রহমান • গ্যাস সংকট মোকাবিলায় ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মীর শাহে আলম • প্রাণঘাতী ফাউল করে জাতীয় দলে জায়গা হারালেন ওউনো • গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে এলো চার শাবক • পোশাক শিল্পে নতুন বেতন দু-এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী • রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, দু’জনকে জরিমানা
অর্থ ও বাণিজ্য মোংলা বন্দর হবে অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

মোংলা বন্দর হবে অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

অর্থনীতি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দর আধুনিকায়ন করা হলে তা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হিসেবে গড়ে উঠবে। তিনি মনে করেন, এই বন্দরকে কেন্দ্র করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরসহ সমগ্র অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম বহুগুণ সম্প্রসারিত করা সম্ভব। সম্প্রতি বাগেরহাটের মোংলায় চার হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। চার হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার পঞ্চগড় থেকে মোংলা পর্যন্ত সড়ক যোগাযোগ এবং সাপ্লাই চেইন ব্যবস্থার সুবিধা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকার কমলাপুর আইসিডি থেকে কনটেইনারবাহী ট্রেন সরাসরি মোংলা বন্দরে যাতায়াত করতে পারবে। এছাড়া খান জাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যক্রম চালু করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কাজ। জ্বালানি, সার, খাদ্যশস্য ও শিল্পের কাঁচামাল আমদানিতে মোংলা বন্দর জাতীয় অর্থনীতিকে আরও সুরক্ষিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারপ্রধান উল্লেখ করেন, বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে অবকাঠামো ও বাণিজ্য উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি, পরিবেশবান্ধব সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের ওপরও তিনি বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বক্তব্য দেন। এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান দাই হেগেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বন্দরের চত্বরে একটি কাঠ বাদাম গাছ রোপণ করেন এবং সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তাদের গ্যাস সরবরাহের ব্যবস্থার কথা জানান।

খুঁজুন