শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা, কাজে আসছে না নিষেধাজ্ঞা • ১৫ ‘সোনার ডিম’সহ গ্রেপ্তার দুই জন স্বীকারোক্তির পর কারাগারে • নীলফামারীতে থামছে না বাল্যবিয়ে • নওগাঁয় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন • নওগাঁয় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগ নেতা আটক • ওভারটনের কীর্তিগড়া বোলিংয়ে অস্ট্রেলিয়াকে অনায়াসে হারাল ইংল্যান্ড • ইলিশ ব্যবস্থাপনায় গবেষণা ও জেলেদের অভিজ্ঞতায় পার্থক্য দেখছেন মৎস্যমন্ত্রী • পাকিস্তানের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ২০ থেকে নামল ৮ জনে • নিউরালিংক: মানব মস্তিষ্কে চিপ বসানোর চূড়ান্ত অনুমতি মিলল • ডিএনসিসি প্রতিষ্ঠার ১৫ বছর: হাফ ম্যারাথনে অংশ নিলেন ৫ হাজার প্রতিযোগী
আইন আদালত ১৫ ‘সোনার ডিম’সহ গ্রেপ্তার দুই জন স্বীকারোক্তির পর কারাগারে

১৫ ‘সোনার ডিম’সহ গ্রেপ্তার দুই জন স্বীকারোক্তির পর কারাগারে

অপরাধ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে সাত কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির সোনার পেস্টসহ গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিমান্ড শেষে আদালতে হাজির করার পর তারা এই জবানবন্দি দিতে সম্মত হন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গত ২১ নভেম্বর বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই শফিকুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে হাজির করেন। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার ইয়াছিন আরাফাত সৌরভ ও কুমিল্লার বরুড়ার শাওন জবানবন্দি দিতে সম্মত হন। অপর আসামি নোয়াখালীর সুধারামের জাকিরুল ইসলাম জুয়েলকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ দুই আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম।

গেল ২১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী দুই নম্বর ক্যানোপির আউটগেইট এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় এসআই আবুল কালাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। পরদিন আদালত আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।

এপিবিএন জানিয়েছে, তল্লাশির পর সৌরভের কাছ থেকে ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো সোনার পেস্ট বলে নিশ্চিত হওয়া যায়। উদ্ধার করা এই সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং মোট ওজন সাত কেজি ৫০০ গ্রাম।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামি সৌরভ নিয়মিত সৌদি আরব যাতায়াত করতেন। সেখান থেকে অভিনব কায়দায় স্বর্ণ এনে তিনি জাকিরুল ও শাওনসহ দেশের অন্যান্য সহযোগীদের মাধ্যমে পাচার করতেন। বিমানবন্দর কেন্দ্রিক এমন অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

খুঁজুন