মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। তাঁদের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন মানার অভ্যাস গড়ে তোলা জরুরি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১-এর উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো. মসিউর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব হলো শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি শৃঙ্খলা ও নিরাপত্তার সঙ্গে সড়কে চলাচল করতে শেখানো।

কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক আশরাফুল আলম, নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হক, নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান এবং নিরাপদ সড়ককর্মী সফরা জাহান সেবা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবহনব্যবস্থা বিশ্লেষক পার্থ সারথি দাস।

কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, ট্রাফিক সংকেত মেনে চলা, গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয় এবং পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় বিআরটিএর পক্ষ থেকে সড়কে নিরাপদে চলাচল ও পারাপারের বিভিন্ন নিয়ম নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রদর্শনী উপস্থাপন করা হয়।

কর্মশালায় সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা সবার দায়িত্ব। সচেতনতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী। তাই শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। ২০২৬ সালের দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। দিবসটি সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিআরটিএ। কর্মশালায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

খুঁজুন