বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় দিনাজপুরে সার পাচার রোধে প্রশাসনের অভিযান

দিনাজপুরে সার পাচার রোধে প্রশাসনের অভিযান

দিনাজপুর সদর ও কাহারোল উপজেলায় অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়ে প্রশাসন ৬৬৯ বস্তা সার জব্দ করেছে। এ ঘটনায় ২ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা করে জরিমানা আদায় এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

গতকাল বুধবার রাত ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করা হয়।

গতকাল বুধবার সন্ধায় জেলার সদর উপজেলার পুলহাট এলাকার একটি গুদামে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিন শরীফ এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে একটি হাসকিং মিলের গুদাম থেকে ২১৭ বস্তা সার জব্দ করা হয়। অভিযানের সময় পাচারের উদ্দেশ্যে ট্রাক্টরে সার তোলার বিষয়টি প্রশাসন দেখতে পায়।

এ ঘটনায় বুধবার রাতে দিনাজপুর শহরের রামসাগর মহল্লার খুচরা সার ব্যবসায়ী মনোহর আলমকে সার ব্যবস্থাপনা আইন- ২০০৬ বিধি অনুযায়ী ১ মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জব্দ সার সদর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

অপর দিকে, গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় জেলার কাহারোল উপজেলা গেট সংলগ্ন মেসার্স অরিন ট্রেডার্সে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৫২ বস্তা সার জব্দ করা হয়। এরমধ্যে ৩০৯ বস্তা টিএসপি, ৯৬ বস্তা ইউরিয়া ও ৪৭ বস্তা এমওপি সার রয়েছে।

অভিযানে প্রতিষ্ঠানটির মালিক খাইরুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মিম।
জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, কালোবাজারি ও অতিরিক্ত মুনাফার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে অভিযোগ প্রমানিত হয়। জব্দ সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে কাহারোল উপজেলা প্রশাসন নিশ্চিত করেন।

খুঁজুন