শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই

গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই

 গজারিয়া উপজেলার ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের মধ্যেই এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

(১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন মন্ত্রী। প্রকল্প গ্রহণ ও প্রণয়নের প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি নির্মাণস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘আমরা যা কিছু করছি, তা টেকসই সমাধানের লক্ষ্যে। আপাতত কোনো সমাধান নয়, আমরা চাই টেকসই সমাধান। পর্যায়ক্রমে সারা বাংলাদেশে যেসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানি হচ্ছে, তা অর্ধেকে নামিয়ে আনতে চাই। দুর্ঘটনার ফলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ক্রমান্বয়ে হ্রাস করে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে চাই।’

ফুলদী নদীর ওপর সেতু নির্মিত হলে গজারিয়া উপজেলার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, স্থানীয় মানুষের যাতায়াত সহজ করা এবং এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, চলতি বছরের মধ্যেই প্রকল্পটির কাজ শুরুর কথা রয়েছে।

উল্লেখ, ফুলদী নদীর ওপর সেতু নির্মিত হলে গজারিয়াবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। নদী পারাপারে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের চলাচলে সুবিধা বাড়বে। জরুরি চিকিৎসাসেবা গ্রহণ, পণ্য পরিবহন এবং কৃষিপণ্য বাজারজাতকরণেও ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণ গজারিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। বছরের পর বছর ধরে স্থানীয় বাসিন্দারা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের প্রত্যাশা করে আসছেন। তাঁদের মতে, সেতুটি নির্মিত হলে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়িত হলে তা গজারিয়াবাসীর জন্য স্বস্তির পাশাপাশি এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, এম ইসহাক আলী, মো. আহসান উল্লাহ ও মুহাম্মদ মাসুদ ফারুক, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খুঁজুন