রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে : খাদ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ সার্টিফিকেট থাকলেই হবে না, শিক্ষায় নৈতিকতা বড় গুণ : পানিসম্পদমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা প্রান্তিক কৃষকের সুবিধায় ‘কৃষক কার্ড’ দিচ্ছেন প্রধানমন্ত্রী : এনামুল হক এনাম হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী নেত্রকোণায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি নির্ধারিত রুট পরিবর্তন করে পুরান ঢাকায় যাওয়ায় পণ্যবাহী ৯ ট্রাক জব্দ সারের কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী বিদেশের মাটিতে বাংলাদেশ পেসারদের ২০ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস আছে : তালহা
জাতীয় খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে : খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের কোনো খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। 

তিনি বলেন, দেশের সব জেলার খাদ্যগুদাম পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে তার প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নু স্মরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। খাদ্য নিরাপদ না হলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করাই আমার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ। 

তিনি বলেন, দেশের খাদ্যগুদামগুলোতে খাদ্যশস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা যথাযথভাবে হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করা হবে। ইতোমধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি খাদ্যগুদামে অনিয়মের ঘটনা শনাক্ত হয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় যেন খাদ্য নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে। খাদ্য মজুতের পাশাপাশি সরবরাহ ব্যবস্থার প্রতিও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

দেশে সার সংকটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বর্তমানে কোনো সার সংকট নেই। সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে বৈঠক হয়েছে। সেখানে দেশে পর্যাপ্ত সার মজুত থাকার কথা জানানো হয়েছে। তবে, কোথাও কোথাও সার বিতরণে সমন্বয়ের ঘাটতি থাকতে পারে।’ 

তিনি বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। চলতি রোপা আমন মৌসুমে ধান উৎপাদনের জন্য সার সরবরাহ নিয়ে কৃষকদের কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না।

মানিকগঞ্জের পাটুরিয়া-রাজবাড়ীর দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাট নৌরুটে ওয়াই-প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে এ প্রকল্পের সমীক্ষাসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। খুব দ্রুতই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা তথ্য অফিসার মো. নূর হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মাখন, ড্যাবের মানিকগঞ্জ জেলা সভাপতি ডা. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ডা. বদরুল আলম চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম থেকে জাগীর-মেঘশিমুল পর্যন্ত কার্পেটিং রাস্তার উদ্বোধন করেন। 

পরে, মুন্নু ক্যাফেটেরিয়ার সভাকক্ষে ব্যুরো অব সোশ্যাল ওয়াচ আয়োজিত ‘পরিবেশ বিষয়ক সেমিনার-২০২৬’-এর উদ্বোধন করেন।

খুঁজুন