শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বিজ্ঞান ও প্রযুক্তি অবশেষে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সুবিধা চালু করছে এক্স

অবশেষে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সুবিধা চালু করছে এক্স

প্রযুক্তি ডেস্ক: ইলন মাস্কের মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সম্প্রতি ১৩ থেকে ১৭ বছর বয়সি কিশোর-কিশোরীদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল বা অভিভাবকীয় নিয়ন্ত্রণ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে। এর ফলে মা-বাবা ও অভিভাবকরা প্ল্যাটফর্মটিতে তাদের সন্তানদের অনলাইন কার্যক্রম আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ ও পরিচালনা করার সুযোগ পাবেন। এই নতুন ফিচারের মাধ্যমে তরুণ ব্যবহারকারীদের ডিজিটাল অভিজ্ঞতা নিরাপদ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

নতুন এই ব্যবস্থার অধীনে টিনএজারদের অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রটেক্টেড মোডে থাকবে, যা সংবেদনশীল কনটেন্ট সীমিত রাখবে এবং লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করবে। প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পূর্বনির্ধারিত সুবিধার পাশাপাশি অভিভাবকরা অতিরিক্ত কিছু টুল ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে সন্তানরা অ্যাপটিতে ঠিক কত সময় কাটাচ্ছে তা দেখা এবং দৈনিক সময়সীমা নির্ধারণ করে দেওয়া সম্ভব হবে।

নতুন এই টুলের সাহায্যে অভিভাবকরা নতুন ফলোয়ার যুক্ত হওয়ার ক্ষেত্রে অনুমোদনের শর্ত আরোপ করতে পারবেন এবং ফিডের সাজেশনগুলো কেবল পরিচিত অ্যাকাউন্টের মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারবেন। এ ছাড়া নির্দিষ্ট শব্দ ফিল্টার করা, সংবেদনশীল মিডিয়া কনটেন্ট সম্পূর্ণ বন্ধ করা এবং কারা সরাসরি বার্তা পাঠাতে পারবে তা নিয়ন্ত্রণ করা যাবে। তবে অভিভাবকরা সন্তানদের চ্যাটিংয়ের মূল বার্তাগুলো দেখতে পাবেন না, কেবল কার সঙ্গে চ্যাট করছে তা জানতে পারবেন।

এক্স জানিয়েছে যে এই সংযোগ প্রক্রিয়া অভিভাবকের মাধ্যম শুরু হয়ে টিনএজারের কাছে শেষ হবে এবং উভয় পক্ষকে এতে সম্মতি দিতে হবে। শিশুরা যেন অযাচিত হস্তক্ষেপের শিকার না হয় সেজন্য অভিভাবকরা বার্তা পড়া, সার্চ ইতিহাস দেখা বা সন্তানের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার সুযোগ পাবেন না। একজন অভিভাবক সর্বোচ্চ পাঁচটি টিনএজার অ্যাকাউন্ট একযোগে নিয়ন্ত্রণ করতে পারবেন।

সাম্প্রতিক বছরগুলোতে প্ল্যাটফর্মটিতে বিদ্বেষমূলক বক্তব্য, ভুল তথ্য, ডিপফেইক ছবি এবং কনটেন্ট মডারেশনের অভাবের মতো নানা সমস্যা তীব্র আকার ধারণ করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্স স্বীকার করেছে যে এই প্ল্যাটফর্মটি মূলত শিশুদের জন্য তৈরি নয় এবং আইনগত বাধ্যবাধকতা ও বিভিন্ন দেশের আইনি বিধিনিষেধ মেনে চলতেই এই নতুন নিয়মগুলো চালু করা হয়েছে।

খুঁজুন