বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
গজারিয়ায় মেলা বন্ধের দাবিতে উলামায়ে কেরামের সাংবাদিক সম্মেলন • পেনাল্টি শুটআউটে চেলসিকে হারাল লিভারপুল, অল্পের জন্য রক্ষা সিটির • বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদ অর্জনের অভিযোগ, তদন্ত দাবি • সাধারণ সম্পাদক পদ থেকে আলমগীর ইসলামের পদত্যাগ, • স্পেনে ফের ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু • পূর্ণাঙ্গ মসজিদ হিসেবে ব্যবহারের অনুমোদন পেল অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার, • জয় বাংলা বলবো ১০০ বার বলবো • বাগেরহাটে পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবি • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত : প্রধানমন্ত্রী • গাজীপুর বিআরটিএতে দুর্নীতির অভিযোগ, অবসরের আগে এডি নুরুল হোসেনকে ঘিরে বিতর্ক
দেশের খবর পেনাল্টি শুটআউটে চেলসিকে হারাল লিভারপুল, অল্পের জন্য রক্ষা সিটির

পেনাল্টি শুটআউটে চেলসিকে হারাল লিভারপুল, অল্পের জন্য রক্ষা সিটির

নাটকীয় পেনাল্টি শুটআউটে চেলসিকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। অন্যদিকে ব্রাইটনের বিপক্ষে কঠিন পরীক্ষায় উতরে শেষ আটে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

শৈশবের বন্ধু আন্দোনি ইরাওলা ও জাবি আলোনসোর দলের লড়াইয়ে শেষ ষোলোর ম্যাচে অ্যানফিল্ডে শেষ পর্যন্ত জয় হয়েছে লিভারপুল কোচের।

নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। বিরতির ঠিক আগে কোডি গাকপো পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরানোর আগে স্পটকিক থেকে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন মরগান রজার্স।

শুটআউটে চেলসির ভ্যালেন্টিন বারকোর শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর লিভারপুলের কোস্তাস সিমিকাসের সামনে জয়ের সুযোগ এলেও তাঁর শট বারের ওপর দিয়ে চলে যায়। রায়ান গ্রাভেনবার্খের শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক মাইক পেন্ডার্স। তবে ইমানুয়েল এমেগার পেনাল্টি রুখে দিয়ে লিভারপুলকে লড়াইয়ে টিকিয়ে রাখেন জর্জি মামারদাশভিলি।

অল রেডসদের হয়ে জো গোমেজ গোল করার পর চেলসির ডিফেন্ডার ওয়েসলি ফোফানার শট লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্যালারির দিকে চলে যায়। তাতেই শেষ আটে ওঠার উল্লাসে মাতে স্বাগতিকরা।

লিভারপুলের সাবেক মিডফিল্ডার আলোনসোর কোচ হিসেবে অ্যানফিল্ডে এটি টানা তৃতীয় হার। ২০২৪ সালে বায়ার লেভারকুসেন এবং ২০২৫ সালে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালেও এখানে হেরেছিলেন তিনি।

লিভারপুলে নিজেদের প্রথম মৌসুমেই জার্গেন ক্লপ ও আর্নে স্লট দুজনই লিগ কাপের ফাইনালে উঠেছিলেন। এবার ১০ বার এই প্রতিযোগিতার শিরোপা জেতা ক্লাবটির হয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখার পথে ইরাওলা।

কোয়ার্টার ফাইনালে নিজের সাবেক ক্লাব বোর্নমাউথের মুখোমুখি হবেন ইরাওলা।

শনিবার টটেনহ্যামের কাছে ঘরের মাঠে ২-০ গোলে হারা দল থেকে মাত্র চারটি পরিবর্তন এনেছিলেন আলোনসো। অন্যদিকে রোববার ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলের জয়ের দল থেকে সাতটি পরিবর্তন করেছিলেন ইরাওলা।

ময়েসেস কাইসেদোর সঙ্গে গ্রাভেনবার্খের সংঘর্ষের পর ৪০তম মিনিটে পেনাল্টি পায় চেলসি। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রজার্স। তিন মিনিট পরই সমতায় ফেরে লিভারপুল। ফোফানার হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন গাকপো। 

ইত্তিহাদ স্টেডিয়ামে ব্রাইটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর পেনাল্টি শুটআউটে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।

শনিবার অ্যাস্টন ভিলার কাছে হেরে প্রিমিয়ার লিগে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড হারানোর পর দলে নয়টি পরিবর্তন এনেছিলেন সিটি কোচ এনজো মারেসকা। বিশ্রামে ছিলেন আর্লিং হালান্ড, রুবেন দিয়াস, এলিয়ট অ্যান্ডারসন ও জিয়ানলুইজি দোন্নারুম্মাসহ সিটির বেশ কয়েকজন তারকা।

৩০ মিনিটে জর্জিনিও রুটারের শট থেকে বল পেয়ে পাঁচ গজ দূর থেকে গোল করে ব্রাইটনকে এগিয়ে দেন মালিক ইয়ালকুয়ে।

দ্বিতীয়ার্ধের ২০ মিনিট আগে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে য় গোল করে সিটিকে সমতায় ফেরান মাতেও কোভাচিচ।

বিরতির দুই মিনিট পর আবার এগিয়ে যায় ব্রাইটন। জাওয়েন হাজদামের কাটব্যাক থেকে গোল করেন রুটার।

তবে ৭২তম মিনিটে রায়ান শেরকির ফ্রি-কিক ভিটর রেইসের গায়ে লেগে জালে ঢুকলে সমতায় ফেরে সিটি।

শুটআউটে কোভাচিচের পেনাল্টি ঠেকিয়ে দেন জেসন স্টিল। ইয়াসিন আইয়ারি ও লুইস ডাঙ্কের শট রুখে দিয়ে সিটিকে শেষ আটে তুলে দেন গোলরক্ষক রুলি।

শনিবার প্রিমিয়ার লিগে ইত্তিহাদেই আবার মুখোমুখি হবে দুই দল।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সিটির প্রতিপক্ষ তৃতীয় বিভাগের দল ব্র্যাডফোর্ড।

ভাইটালিটি স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বোর্নমাউথ। গত সপ্তাহে ইউরোপা লিগে এসি মিলানকে ৩-০ গোলে হারানোর পর রোববার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠেও একই ব্যবধানে জয় পেয়েছিল দলটি।

অন্যদিকে ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন চাপে থাকা ক্রিস্টাল প্যালেস কোচ পিয়ের সেজ। কোয়ার্টার ফাইনালে প্যালেসের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। প্রিমিয়ার লিগে নিজেদের বাজে সময়ের মধ্যে কিছুটা স্বস্তি খুঁজে পাওয়া দলটি স্টেডিয়াম অব লাইটে ব্রেন্টফোর্ডকে ৩-২ গোলে হারিয়েছে।

খুঁজুন